সুদান নিয়ে জাতিসংঘের মধ্যস্থতার প্রস্তাব

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সুদানে সেনা অভ্যুত্থান এবং দেশটির প্রধানমন্ত্রীকে আটকের প্রতিবাদে হাজারো মানুষের বিক্ষোভ। গতকাল দেশটির রাজধানী খার্তুমে
ছবি: এএফপি

সুদানের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী আবদাল্লাহ হামদকের সঙ্গে মধ্যস্থতা ও দেশটির সম্ভাব্য পরবর্তী পদক্ষেপ নিয়ে আলোচনা করেছেন জাতিসংঘের এক ঊর্ধ্বতন কর্মকর্তা।

গতকাল রোববার এই আলোচনা অনুষ্ঠিত হয়। শত শত বিক্ষোভকারী সড়কে নেমে সেনাশাসনের অবসান চেয়ে বিক্ষোভের পরদিন এই আলোচনা হয়। খবর রয়টার্সের।

গত সোমবার সুদানে সেনা–অভ্যুত্থান হয়। অভ্যুত্থানের মাধ্যমে সুদানের ক্ষমতা দখলকারী সামরিক সরকারের ওপর চাপ অব্যাহত রেখেছে আন্তর্জাতিক সম্প্রদায়।

অভ্যুত্থানের মধ্য দিয়ে দেশটির বেসামরিক সরকার উৎখাত করে সেনাবাহিনী। সেনাপ্রধান আবদেল ফাত্তাহ আল-বুরহান দেশটির অন্তর্বর্তী সরকার ভেঙে দিয়ে জরুরি অবস্থা জারি করেন। একই সঙ্গে অন্তর্বর্তী প্রধানমন্ত্রী আবদাল্লাহ হামদকসহ মন্ত্রিসভার প্রায় সব সদস্যকে গ্রেপ্তার করে।

সুদানে জাতিসংঘের বিশেষ প্রতিনিধি ভলকার পার্থেস বলেন, ‘আমরা মধ্যস্থতা ও সামনে এগিয়ে যাওয়ার বিষয় নিয়ে আলোচনা করেছি।’ হামদক নিজ বাড়িতে বন্দী অবস্থায় রয়েছেন।

শনিবার দেশটিতে বিক্ষোভের আগেই মধ্যস্থতার খবর সামনে আসে। কিন্তু এ নিয়ে কোনো ফল সামনে আসেনি। হামদক বন্দীদের মুক্তি ও অভ্যুত্থানের আগে ক্ষমতা ভাগাভাগির চুক্তিতে ফেরার শর্ত দিয়েছেন।