সুদানে আল-জাজিরার ব্যুরো প্রধানকে গ্রেপ্তারের অভিযোগ
কাতারভিত্তিক আল-জাজিরা টেলিভিশন নেটওয়ার্কের সুদানের ব্যুরো প্রধানকে গ্রেপ্তারের অভিযোগ উঠেছে। আজ রোববার টুইটারে দেওয়া এক বার্তায় এ তথ্য জানায় গণমাধ্যমটি। খবর রয়টার্সের।
টুইট বার্তায় বলা হয়, আল-জাজিরার সুদানের ব্যুরো প্রধান আল মুসালমি আল কাব্বাসিরের বাড়িতে অভিযান চালিয়েছে দেশটির নিরাপত্তা বাহিনী। অভিযানের পর তাঁকে গ্রেপ্তার করা হয়।
কাব্বাসিকে গ্রেপ্তারের বিষয়ে বিস্তারিত তথ্য জানায়নি আল-জাজিরা।
সুদানে গতকাল শনিবারও সেনা অভ্যুত্থানবিরোধী গণবিক্ষোভ হয়েছে। রাজধানীসহ দেশটির অন্যান্য শহরে এ বিক্ষোভ হয়। বিক্ষোভে পাঁচ বিক্ষোভকারী নিহত হন। প্রত্যক্ষদর্শী ও চিকিৎসকদের বরাতে রয়টার্স এ তথ্য জানায়।
গত ২৫ অক্টোবর সুদানে ক্ষমতা দখল করে দেশটির সেনাবাহিনী। সেনা অভ্যুত্থানের পর থেকে দেশটিতে সাধারণ মানুষ বিক্ষোভ করছেন।
এ বিক্ষোভে ইতিমধ্যে বেশ কিছু বিক্ষোভকারী নিহত হয়েছেন।
আন্তর্জাতিক সম্প্রদায় সুদানে সেনা অভ্যুত্থানের তীব্র নিন্দা জানিয়েছে। সুদানে অবিলম্বে বেসামরিক নেতৃত্বাধীন সরকার পুনঃপ্রতিষ্ঠার আহ্বান জানিয়েছে যুক্তরাষ্ট্রসহ আন্তর্জাতিক সম্প্রদায়।