সুদানে এক দিনের সংঘর্ষে নিহত ১৬৮

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পশ্চিম দারফুরে সাম্প্রদায়িক সহিংসতায় বাস্তুচ্যুতদের সহায়তা দিচ্ছেন ইইএনএইচআর কর্মীরা
ছবি: এএফপি ফাইল ছবি

সুদানের দারফুরে বিভিন্ন ক্ষুদ্র জাতিগোষ্ঠীর মধ্যে সংঘর্ষে কমপক্ষে ১৬৮ জন নিহত হয়েছেন। স্থানীয় সময় গতকাল রোববার পশ্চিম দারফুরে এ সংঘর্ষ হয়। মানবিক সহায়তা সংগঠন ‘জেনারেল কো–অর্ডিনেশন ফর রিফিউজিস অ্যান্ড ডিসপ্লেসড ইন দারফুর’-এর বরাতে বার্তা সংস্থা এএফপি এ তথ্য জানিয়েছে।

জেনারেল কো–অর্ডিনেশন ফর রিফিউজিস অ্যান্ড ডিসপ্লেসড ইন দারফুর-এর মুখপাত্র অ্যাডাম রিগ্যাল বলেন, পশ্চিম দারফুরের ক্রিংক অঞ্চলে গত শুক্রবার থেকে নতুন সহিংসতার সূত্রপাত হয়। সংগঠনটির তথ্যানুসারে, দুই আদিবাসীকে হত্যার বদলা হিসেবে সশস্ত্র আদিবাসীরা অ-আরব মাসালিত সংখ্যালঘুদের গ্রামগুলোতে হামলা চালায়। এরপরই সহিংসতা ছড়িয়ে পড়ে। শুক্রবার কমপক্ষে আটজনের মৃত্যু হয়।রিগ্যাল বলেন, গতকাল কমপক্ষে ১৬৮ জন নিহত এবং ৯৮ জন আহত হয়েছেন। নিহত ব্যক্তির সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করছেন তিনি।

গতকাল মাসালিত গোষ্ঠীর এক আদিবাসী নেতা বলেন, পশ্চিম দারফুরের প্রাদেশিক রাজধানী জেনাইনা থেকে প্রায় ৮০ কিলোমিটার দূরবর্তী ক্রিংক অঞ্চলে বেশ কয়েকটি মরদেহ পড়ে থাকতে দেখেছেন তিনি।

সুদানের চিকিৎসক সংগঠন সেন্ট্রাল কমিটি অব সুদান ডক্টরস সতর্ক করেছে, পশ্চিম দারফুরে স্বাস্থ্যব্যবস্থা বিপর্যয়ের মধ্যে পড়েছে। সহিংসতার সময় বেশ কয়েকটি হাসপাতালে হামলা হয়েছে।

আহত ব্যক্তিরা যেন নিরাপদে হাসপাতালে পৌঁছাতে পারেন, তা নিশ্চিত করতে কর্তৃপক্ষকে ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়েছে দ্য ইন্টারন্যাশনাল কমিটি অব রেডক্রস। জাতিসংঘের বিশেষ প্রতিনিধি ভোলকার পার্থেস এসব হত্যাকাণ্ডের নিন্দা জানিয়েছেন। এসব ঘটনায় তদন্ত দাবি করেছেন তিনি।

২০০৩ সালে গৃহযুদ্ধে বিধ্বস্ত দারফুরে গত বছরের অক্টোবর থেকে প্রায়ই ভয়াবহ সংঘর্ষের ঘটনা ঘটছে। ভূমি, পশুজাত পণ্য এবং পানি ও চারণভূমিজনিত বিবাদকে কেন্দ্র করে মূলত এসব সংঘর্ষ হচ্ছে। গতকাল ‘জেনারেল কো–অর্ডিনেশন ফর রিফিউজিস অ্যান্ড ডিসপ্লেসড ইন দারফুর’ দাবি করেছে, আরব জানজাবিদ মিলিশিয়ারাই সাম্প্রতিক হামলার পরিকল্পনাকারী।