সুদানের প্রেসিডেন্টকে দক্ষিণ আফ্রিকা ত্যাগে নিষেধাজ্ঞা
আফ্রিকান ইউনিয়নের সম্মেলনে যোগ দিতে দক্ষিণ আফ্রিকার রাজধানী জোহানেসবার্গ গিয়ে বিপদে পড়েছেন সুদানের প্রেসিডেন্ট ওমার আল বশির। পরবর্তী আদেশ না দেওয়া পর্যন্ত দক্ষিণ আফ্রিকা ত্যাগে নিষেধাজ্ঞা জারি করেছেন দেশটির একটি আদালত। একটি আইনি অধিকার সংগঠনের আবেদনের প্রেক্ষিতে আদালত এ আদেশ দেন।
আজ রোববার বার্তা সংস্থা এএফপির খবরে জানানো হয়, প্রেসিডেন্ট বশির আফ্রিকান ইউনিয়নের সম্মেলনে যোগ দিতে জোহানেসবার্গে রয়েছেন। এর আগে বশিরকে গ্রেপ্তার করতে দক্ষিণ আফ্রিকা সরকারকে আহ্বান জানায় আন্তর্জাতিক অপরাধ আদালত (আইসিসি)।
বশিরের বিরুদ্ধে ২০০৩ সালে দারফুর সংকটের সময় যুদ্ধাপরাধ ও মানবতাবিরোধী অপরাধ সংঘটনের অভিযোগ রয়েছে। ওই অভিযোগে তালিকাভুক্ত বশিরকে বিচারের মুখোমুখি করতে চায় আইসিসি। তাঁর বিরুদ্ধে আইসিসির গ্রেপ্তারি পরোয়ানা রয়েছে।
বশির এর আগে আইসিসির সদস্য নয় এমন দেশগুলোতে গেছেন। এবারই তিনি দক্ষিণ আফ্রিকায় গেলেন। দক্ষিণ আফ্রিকা আইসিসি আইনে স্বাক্ষরকারী দেশ।
প্রিটোরিয়া হাইকোর্ট এক বিবৃতি জানিয়েছে, আদালতের অনুমতি না দেওয়া পর্যন্ত প্রেসিডেন্ট বশির দেশ ত্যাগ করতে পারবেন না। রোববার বিকেলে এ ব্যাপারে শুনানি হবে।
এর আগে প্রেসিডেন্ট বশিরকে তাৎক্ষণিকভাবে গ্রেপ্তার করতে সরকারকে চাপ দিতে সাউদার্ন আফ্রিকান ল্যাটিগেশন সেন্টার নামের একটি সংগঠন আদালতে আবেদন করেন।