সোমালিয়ায় শাবাবের হামলায় রাষ্ট্রদূতসহ ১৫ জন নিহত
সোমালিয়ার রাজধানী মোগাদিসুর একটি হোটেলে জঙ্গি সংগঠন আল শাবাবের হামলায় একজন রাষ্ট্রদূতসহ অন্তত ১৫ জন নিহত হয়েছেন। হামলাকারীরা বেশ কয়েক ঘণ্টা হোটেলটির নিয়ন্ত্রণ ধরে রেখেছিল। খবর রয়টার্স ও এএফপির।
আল শাবাবের গেরিলারা গত শুক্রবার মোগাদিসুর জনপ্রিয় হোটেল মাকা আল মুকারামায় বোমা হামলা চালায়। তারা হোটেলটি অবরুদ্ধ করে ফেললে বেশ কয়েকজন উচ্চপদস্থ সরকারি কর্মকর্তা আটকা পড়েন। শুক্রবার সন্ধ্যায়ই নিরাপত্তা বাহিনীর যুক্তরাষ্ট্রে প্রশিক্ষিত বিশেষ বাহিনী ‘গাসান’-এর সদস্যরা হোটেলে অভিযান চালায়। গতকাল শনিবার পর্যন্ত হামলাকারীদের সঙ্গে নিরাপত্তা বাহিনীর সংঘর্ষ চলে। জ্যেষ্ঠ পুলিশ কর্মকর্তা কর্নেল ফারাহ এডেন ঘটনাস্থল থেকে বলেন, ‘জেনেভায় নিযুক্ত সোমালিয়ার রাষ্ট্রদূতসহ অন্তত ১৫ জন মারা গেছেন। নিহত ব্যক্তিদের মধ্যে নিরাপত্তারক্ষী, নিরাপত্তা বাহিনীর সদস্য এবং সাধারণ নাগরিকও আছেন।’
আল শাবাব এক ই-মেইল বার্তায় জানায়, ওই হামলায় তাদের কয়েকজন যোদ্ধাও নিহত হয়েছেন। বার্তায় আরও হামলার হুমকিও দেওয়া হয়। সংগঠনটি বলেছে, হামলার মূল লক্ষ্য ছিল সরকারি কর্মকর্তারা। সাধারণ নাগরিকদের ছেড়ে দেওয়া হয়েছে।