সোমালিয়ায় হোটেলে জঙ্গি হামলা, নিহত ৭

সোমালিয়ার রাজধানী মোগাদিসুর একটি হোটেল হামলা চালিয়েছে বন্দুকধারীরা। এতে অন্তত ৭ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন অন্তত ১০ জন। বন্দুকধারীরা বেশ কয়েকজনকে জিম্মিও করে রেখেছে। জঙ্গি গোষ্ঠী আল শাবাব এই হামলার দায় স্বীকার করেছে।
মোগাদিসুর দক্ষিণে নাসো-হ্যাব্লড নামের ওই হোটেলে শনিবার অতর্কিতে ঢুকে পড়ে বেশ কয়েকজন বন্দুকধারী। প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে বার্তা সংস্থা এপি জানায়, বন্দুকধারীরা হোটেলের ভেতরে ঢুকেই ভেতরে অবস্থানরত লোকজনকে লক্ষ্য করে এলোপাতাড়ি গুলি চালানো শুরু করে। এ ছাড়া বেশ কয়েকজনকে জিম্মি করে ফেলে। খবর পেয়ে সোমালিয়ার সেনাবাহিনী ঘটনাস্থলে যায়। সেনাবাহিনী ওই হোটেল ঘিরে ফেলে অভিযান চালানোর চেষ্টা চালায়।

সোমালিয়ার পুলিশ জানান, সেনাবাহিনী অভিযান চালানোর চেষ্টা চালানোর সময় বন্দুকধারীরা হোটেলের সামনে গাড়িবোমার বিস্ফোরণ ঘটায়। তবে সেনাসদস্যরা হোটেলের ভেতরে ঢোকার চেষ্টা চালিয়ে যাচ্ছেন।
ওই হোটেল থেকে পালিয়ে আসা আলী মাহমুদ নামের এক ব্যক্তি বলেন, ‘আমি পেছনের দরজা দিয়ে বেরিয়ে এসেছি। বন্দুকধারীরা যাকে দেখছে, তাকেই গুলি করছে।’

বন্দুকধারীরা কতজনকে জিম্মি করে রেখেছে, তা নিশ্চিত হওয়া যায়নি। কতজন বন্দুকধারী ওই হোটেলে ঢুকেছে বা ওই সময় ভেতরে কতজন ব্যক্তি অবস্থান করছিলেন তাও জানাতে পারেনি পুলিশ।
নাসো-হ্যাব্লড নামের ওই হোটেলে সাধারণত রাজনীতিবিদেরা বেশি যেতেন। হোটেলটি পর্যটকদের কাছেও আকর্ষণীয়।