সোমালিয়ায় আল-শাবাব ঘাঁটিতে কেনিয়ার হামলা
প্রতিবেশী সোমালিয়ার ইসলামপন্থী জঙ্গি গোষ্ঠী আল-শাবাবের ঘাঁটি লক্ষ্য করে বিমান হামলা চালিয়েছে কেনিয়া। দেশটির একজন সামরিক মুখপাত্র আজ সোমবার বিবিসি অনলাইনকে এ কথা জানান।
গত সপ্তাহে গ্যারিসা বিশ্ববিদ্যালয়ে ভয়াবহ হামলায় ১৪৮ জন নিহত হওয়ার পর বিমান হামলা চালিয়ে প্রথমবারের মতো প্রতিক্রিয়া জানাল কেনিয়া।
কেনিয়ার সামরিক বাহিনীর মুখপাত্র ডেভিড অবনো বিবিসি অনলাইনকে জানান, জঙ্গিদের ‘হুমকি’র পাল্টা জবাবে গতকাল রোববার রাতে বিমান হামলা চালানো হয়। তবে তিনি আর বিস্তারিত কিছু তাৎক্ষণিকভাবে জানাননি।
কেনিয়ার উত্তর-পূর্বাঞ্চলের এই বিশ্ববিদ্যালয়ে গত বৃহস্পতিবার আল-কায়েদার সঙ্গে সম্পর্কিত সোমালিয়ার ইসলামপন্থী জঙ্গি সংগঠন আল-শাবাবের অস্ত্রধারীরা শিক্ষার্থীদের জিম্মি করে হত্যাযজ্ঞ চালায়। সোমালিয়ার সীমান্তবর্তী গ্যারিসা শহরে এ হামলার ঘটনা ঘটে। ভোর থেকে রাত পর্যন্ত প্রায় ১৬ ঘণ্টা ধরে এই হত্যাযজ্ঞ চলে। এ ঘটনায় অন্তত চার হামলাকারী নিহত হন।
এ হত্যাকাণ্ডের ঘটনায় পাঁচজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এই পাঁচজনের মধ্যে ঘটনার মূল পরিকল্পনাকারী হিসেবে যাঁকে সন্দেহ করা হচ্ছে, তিনিও আছেন বলে গত শনিবার জানিয়েছেন দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী। গ্রেপ্তার হওয়া পাঁচজনই পুলিশ হেফাজতে আছেন এবং তাঁদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।