সোমালিয়ায় বোমা হামলায় সাংবাদিক নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বোমা হামলায় নিহত সোমালিয়ার প্রখ্যাত সাংবাদিক আবদিআজিজ মোহামুদ গুলেদ
ছবি: টুইটার

আত্মঘাতী বোমা হামলায় আফ্রিকার দেশ সোমালিয়ার এক সাংবাদিক নিহত হয়েছেন। নিহত ওই সাংবাদিক জঙ্গিগোষ্ঠী আল-শাবাবের সমালোচক ছিলেন। স্থানীয় সময় গতকাল শনিবার সোমালিয়ার রাজধানী মোগাদিসুতে এ হামলা হয়। খবর বিবিসির।

নিহত ওই সাংবাদিকের নাম আবদিআজিজ মোহামুদ গুলেদ। তিনি আবদিআজিজ আফ্রিকা নামেও পরিচিত ছিলেন। গতকাল দুপুরের দিকে রাজধানী মোগাদিসুর একটি রেস্তোরাঁ থেকে বের হওয়ার সময় তাঁকে লক্ষ্য করে বোমার বিস্ফোরণ ঘটান একজন আত্মঘাতী বোমা হামলাকারী।

বিস্ফোরণস্থলের পাশে থাকা আরও দুই ব্যক্তি বোমা হামলায় আহত হয়েছেন। তাঁদের হাসপাতালে নেওয়া হয়েছে। জঙ্গিগোষ্ঠী আল-শাবাব জানিয়েছে, এ হামলা তারা করেছে। ওই সাংবাদিককে লক্ষ্য করেই হামলা চালায় তারা। বোমা হামলায় নিহত সাংবাদিক রেডিও মোগাদিসুর জন্য কাজ করতেন।

পুলিশ সূত্রের বরাতে রেডিও মোগাদিসু তাদের ওয়েবসাইটে একটি প্রতিবেদন প্রকাশ করেছে। তাতে বলে হয়েছে, রেস্তোরাঁর পাশে থাকা একটি গাড়ির সামনে ওই হামলাকারী বোমার বিস্ফোরণ ঘটান। ওই সময় সাংবাদিক আবদিআজিজের সঙ্গে ছিলেন সোমালিয়ার ন্যাশনাল টিভির পরিচালক ও একজন গাড়িচালক।

ওই প্রতিবেদনে সোমালিয়ার প্রধানমন্ত্রী মোহামেদ হুসেইন রোবলের একটি বিবৃতিও রয়েছে। বিবৃতিতে তিনি আবদিআজিজের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।

মোহামেদ হুসেইন রোবল বলেন, আবদিআজিজ ছিলেন কঠোর পরিশ্রমী একজন সাংবাদিক ও জাতীয় বীর, যিনি তাঁর দেশ, দেশের মানুষ ও ধর্মের জন্য সাহসের সঙ্গে নিরলসভাবে কাজ করে গেছেন।

আটক সন্দেহভাজন আল-শাবাব জঙ্গিদের সঙ্গে তাঁর সাক্ষাৎকারের জন্য পরিচিত ছিলেন আবদিআজিজ। এসব সাক্ষাৎকার বিপুল দর্শকের মনোযোগ আকর্ষণ করত।