সোমালিয়ায় রেস্তোরাঁয় জঙ্গি হামলায় নিহত অন্তত ১৭
সোমালিয়ার রাজধানী মোগাদিসুর একটি রেস্তোরাঁয় জঙ্গি হামলায় নিহত হয়েছেন বিদেশি নাগরিকসহ অন্তত ১৭ জন। বুধবার রাতের এ হামলায় জঙ্গিরা বেশ কয়েকজনকে জিম্মিও করে। প্রাথমিকভাবে জিম্মিদশা থেকে ১০ জনকে উদ্ধার করার খবর পাওয়া গেছে।
মোগাদিসুর ‘পশ ট্রিটস’ নামের নতুন একটি পিৎজা হাউসে এই হামলার ঘটনা ঘটে। জঙ্গিগোষ্ঠী আল-শাবাব এর দায় স্বীকার করেছে।
পুলিশের ক্যাপ্টেন মোহাম্মাদ হোসেইন বলেন, নিরাপত্তা বাহিনীর সদস্যদের গুলিতে দুই বন্দুকধারী নিহত হয়েছে। বন্দুকধারীদের হাতে জিম্মি ১০ জনকে উদ্ধার করা হয়েছে। তবে রেস্তোরাঁর ভেতরে তখনো পাঁচজন বন্দুকধারী কয়েকজনকে জিম্মি করে রেখেছিল। রেস্তোরাঁর বিদ্যুৎ-সংযোগ বিচ্ছিন্ন করে দেওয়া হয়। হামলার শিকার ব্যক্তিরা বেশির ভাগই তরুণ। নিরাপত্তা বাহিনীর সদস্যরা ইথিওপিয়া ও কেনিয়া ছাড়াও এশিয়ার কয়েকটি দেশের নাগরিকদের উদ্ধার করেছে।
নাম প্রকাশ না করার শর্তে ঘটনাস্থলে থাকা একজন অ্যাম্বুলেন্স চালক গতকাল বৃহস্পতিবার সকালে বলেন, তাঁরা তখন পর্যন্ত ১৭টি লাশ হাসপাতালে নিয়ে গেছেন। এ ছাড়া গুরুতর আহত অবস্থায় ২৬ জনকে হাসপাতালে পাঠানো হয়েছে।
নিহত ব্যক্তিদের মধ্যে একজন সিরিয়ার নাগরিক রয়েছেন বলে জানিয়েছে পুলিশ।
নাম প্রকাশে অনিচ্ছুক একজন প্রত্যক্ষদর্শী বলেন, বন্দুকধারীরা সেনাবাহিনীর পোশাকে রেস্তোরাঁর ভেতরে ঢোকে। যারা বের হওয়ার চেষ্টা করে তাদের জোর করে রেস্তোরাঁর ভেতর আটকে রাখে তারা। রেস্তোরাঁয় প্রবেশের আগে এর ফটকের কাছে গাড়িবোমার বিস্ফোরণ ঘটায় হামলাকারীরা।