সোমালিয়ায় সেনা ঘাঁটির দখল নিল আল-শাবাব
আল-কায়েদার সঙ্গে যুক্ত জঙ্গি সংগঠন আল-শাবাবের যোদ্ধারা সোমালিয়ায় অবস্থিত আফ্রিকান ইউনিয়নের একটি সামরিক ঘাঁটিতে হামলা চালিয়ে সেখানকার বহু সেনাকে হত্যা করেছে। আল-শাবাবের দাবি, গতকাল শুক্রবার ভোরে তারা কমপক্ষে ৬৫ জন কেনীয় সেনাকে হত্যা করে ঘাঁটিটি দখল করেছে এবং আশপাশের এলাকার নিয়ন্ত্রণ নিয়েছে। সোমালিয়ার সেনাবাহিনী ও আফ্রিকান ইউনিয়নের যৌথ বাহিনী ঘাঁটিটি হামলার শিকার হয়েছে বলে স্বীকার করলেও কতজন সেনা নিহত হয়েছে, তা এখনো নিশ্চিত করেনি।
বিবিসি বলেছে, দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় গেদো প্রদেশের এল আদে শহরে আফ্রিকান ইউনিয়নের সামরিক ঘাঁটিতে আল-শাবাব হামলা চালায়। বিবিসির ভাষ্য, ঘটনাস্থল থেকে স্থানীয় বাসিন্দারা তাদের ফোন করে জানিয়েছেন, তাঁরা সকালে ওই ঘাঁটিতে জঙ্গিদের আল-শাবাবের পতাকা ওড়াতে দেখেছেন। এ ছাড়া তাঁরা সেনা সদস্যদের লাশ জঙ্গিদের রাস্তায় টেনেহিঁচড়ে নিয়ে বেড়াতে দেখেছেন।
আল-শাবাবের মুখপাত্র আবদিয়াজিজ আবু মুসাব দাবি করেছেন, তাঁরা ঘাঁটি দখল করার পর সেখানে ৬৩ জন সেনার লাশ পেয়েছেন। তাঁর দাবি, নিহত সেনাদের সবাই কেনিয়ার নাগরিক এবং খ্রিষ্টানধর্মাবলম্বী।
সোমালিয়ার সেনাবাহিনীর মুখপাত্র ইদরিশ আহমেদ এএফপিকে বলেন, কেনিয়া ও ইথিওপিয়ার সীমান্ত-সংলগ্ন ওই ঘাঁটির প্রবেশমুখে প্রথমে একজন জঙ্গি আত্মঘাতী বোমার বিস্ফোরণ ঘটায়। এরপরই জঙ্গিরা অতর্কিত হামলায় ঝাঁপিয়ে পড়ে। তাঁর ভাষ্য অনুযায়ী, গতকাল সকালে জঙ্গিদের সঙ্গে সেনাবাহিনীর লড়াই চলছিল।