স্কুলবাস খাদে, নিহত ৩৫

তানজানিয়ার আরুশায় শিক্ষার্থীবাহী বাস খাদে পড়ে গতকাল শনিবার ৩৫ জন প্রাণ হারিয়েছে। এর মধ্যে শিক্ষার্থীর সংখ্যা ৩২। বাকি দুজন শিক্ষক ও একজন বাসটির চালক। দেশটির ঊর্ধ্বতন এক পুলিশ কর্মকর্তার বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।
আরুশার আঞ্চলিক পুলিশ কমান্ডার চার্লস মকুবো বলেন, বৃষ্টির মধ্যে পাহাড়ের ঢাল বেয়ে নামার সময় খাদে পড়ে দুর্ঘটনাটি ঘটে। যান্ত্রিক সমস্যা, নাকি চালকের ভুলে দুর্ঘটনাটি ঘটেছে, তা তদন্ত করে দেখা হচ্ছে। কারাতু জেলায় এ দুর্ঘটনায় নিহত সব শিক্ষার্থী সপ্তম শ্রেণিতে পড়ত। তাদের বয়স ১২ থেকে ১৩ বছরের মধ্যে। পরীক্ষার সিট পড়ায় লাকি ভিনসেন্ট স্কুলের এই শিক্ষার্থীরা অপর একটি স্কুলে যাচ্ছিল।
তাঞ্জানিয়ার প্রেসিডেন্ট জন ম্যাগুফুলি এক বিবৃতিতে এই দুর্ঘটনাকে ‘জাতীয় দুর্যোগ’ বলে অভিহিত করেছেন।
পূর্ব আফ্রিকার দ্বিতীয় বৃহত্তম অর্থনৈতিক দেশ তানজানিয়ার সড়ক যোগাযোগব্যবস্থা খুবই নাজুক। ২০১৪ থেকে ২০১৬ সালের মধ্যে সড়ক দুর্ঘটনায় দেশটিতে ১১ হাজারের বেশি মানুষের মৃত্যু হয়েছে।