স্বাধীন হয়েও শান্তি নেই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গোলাগুলি থেকে বাঁচতে হাজারো মানুষ বাড়িঘর ছেড়ে জাতিসংঘ শান্তিরক্ষী মিশনের ঘাঁটিগুলোয় আশ্রয় নিয়েছিল। সেখানে এক রাতের বেশি থাকার ইচ্ছা তাদের ছিল না। কিন্তু দক্ষিণ সুদানের রাজধানী জুবা কয়েক দিন ধরে গোলাগুলি ও বিস্ফোরণে কেঁপে উঠতে থাকে।
প্রেসিডেন্ট সালভা কিরের অনুগত বাহিনীর বিরুদ্ধে তাঁর সাবেক সহযোগী রিয়েক মাশারের পক্ষের লড়াই চলছিল। ভীতসন্ত্রস্ত লোকজন যে যেখানে পারে আশ্রয় নেয়। সেই ঘটনার পর এক বছর কেটে গেছে। কিন্তু দক্ষিণ সুদানে গৃহযুদ্ধ থামেনি।
প্রায় এক লাখ মানুষ জাতিসংঘের আশ্রয়কেন্দ্রগুলোতে দুঃসহ জীবন কাটাচ্ছে। জুবায় একটি শিবিরে আশ্রিত নারী ভেরোনিকা হেনরি মনে করেন, শান্তি না এলে বাইরে যাওয়াটা ঝুঁকিপূর্ণ। লড়াই বন্ধ করতে সরকার ও বিরোধীদের ওপর চাপ দেওয়ার জন্য আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে আবেদন জানান তিনি।
নতুন দেশ দক্ষিণ সুদানে যুদ্ধ লেগেই আছে।রাজধানী জুবাসহ দেশের বিভিন্ন স্থানে প্রতিশোধমূলক হত্যাকাণ্ড ঘটছে একের পর এক। সহিংসতা শিগগিরই শেষ হওয়ার সম্ভাবনা আপাতত দেখা যাচ্ছে না।
জুবায় জাতিসংঘের একটি আশ্রয়কেন্দ্রে থাকেন থং গাই। উত্তপ্ত সূর্যের নিচে প্লাস্টিকের একটি তাঁবুই তাঁর ঘর। থং গাই বলেন, ‘এখানে আছি এক বছর হয়ে গেল। বেঁচে থাকা খুবই কঠিন। ধৈর্য ধরে একদিন শান্তি আসবে সেই আশায় অপেক্ষা করা ছাড়া আমাদের কিছুই করার নেই।’
দক্ষিণ সুদানের মোট এক কোটি ২০ লাখ মানুষের অর্ধেকের জন্যই এখন সাহায্য প্রয়োজন বলে জানিয়েছে জাতিসংঘ। গৃহযুদ্ধ বন্ধ করার পাশাপাশি দুর্ভিক্ষের বিরুদ্ধে লড়াই করাটাও এখন গুরুত্বপূর্ণ। আন্তর্জাতিক অবরোধের অব্যাহত হুমকির মধ্যে দেশটির যুদ্ধরত বাহিনীগুলো একের পর এক অস্ত্রবিরতি স্বাক্ষর করেছে। কিন্তু কয়েক দিনের মধ্যেই সেগুলো অকার্যকর হয়ে গেছে।
২০১১ সালে স্বাধীন হয় দক্ষিণ সুদান। বছরের পর বছর ধরে চলমান যুদ্ধ থেকে রেহাই পাওয়ার জন্য মুসলিম প্রধান উত্তর সুদান থেকে পৃথক হতে ভোট দিয়েছিল দক্ষিণের বাসিন্দারা। কিন্তু শান্তির আশার দিনে দিনে ফিকে হতে থাকে।
বিশ্লেষকেরা বলছেন, আন্তর্জাতিক সম্প্রদায়ের অব্যাহত হুঁশিয়ারির পরও দক্ষিণ সুদানে শান্তি না আসার নানা কারণ রয়েছে। শীর্ষ নেতারা সমঝোতায় রাজি হলেও তাঁদের অনুগত বাহিনীগুলোকে নিয়ন্ত্রণে আনা যাচ্ছে না। দেশটিতে এখন ২০টির বেশি সশস্ত্র সংগঠন রয়েছে।
জাতিসংঘের খাদ্য সহায়তার বদৌলতে দক্ষিণ সুদানে দুর্ভিক্ষ আপাতত ঠেকানো সম্ভব হলেও ঝুঁকি রয়ে গেছে। দেশটিতে জাতিসংঘের সহায়তাবিষয়ক প্রধান টবি ল্যানজার বলেন, তাঁরা আগামী বছরের শুরু থেকে একই সঙ্গে সময়ের বিরুদ্ধে এবং অনাগত দুর্ভিক্ষের বিরুদ্ধে লড়াই করবেন। পরিস্থিতির উন্নতি হতে পারে, আবার অবনতিও সম্ভব।
গৃহযুদ্ধে অন্তত ৫০ হাজার মানুষ প্রাণ হারিয়েছে বলে জানিয়েছে ইন্টারন্যাশনাল ক্রাইসিস গ্রুপ। তবে নিহতের সংখ্যা বাস্তবে দ্বিগুণও হতে পারে বলে অনেকের ধারণা। আন্তর্জাতিক মানবাধিকার সংগঠন হিউম্যান রাইটস ওয়াচের কর্মকর্তা স্কাই হুইলার বলেন, দক্ষিণ সুদানে দুটি বড় সম্প্রদায়ের মধ্যে লড়াইয়ে আরও ভয়াবহ ও বিপজ্জনক পরিস্থিতি তৈরি হতে পারে। সূত্র: এএফপি