স্মার্টফোনই নেই, অথচ টিকটকের মহাতারকা
বর্তমানে জনপ্রিয় ভিডিওভিত্তিক সামাজিক যোগাযোগমাধ্যম অ্যাপ টিকটক। কিন্তু অ্যাপটির বিষয়ে কোনো ধারণা নেই সংগীত কিংবদন্তি গিদ্দেস চালামান্দার। এমনকি নিজের কোনো স্মার্টফোনও নেই। অথচ তিনিই কিনা ওই অঞ্চলের মহা টিকটক তারকা। তিনি পূর্ব আফ্রিকার দ্বীপরাষ্ট্র মালাউয়ির বাসিন্দা। তাঁর বয়সও ৯২ বছর পার।
গিদ্দেস চালামান্দার ‘লিন্নি হো’ গানটি টিকটকে ৮ কোটি বারের বেশি দেখা হয়েছে। এই গানের ভিডিও ছড়িয়ে গেছে দক্ষিণ আফ্রিকা থেকে এশিয়ার দেশ ফিলিপাইন পর্যন্ত।
চালামান্দা বার্তা সংস্থা এএফপিকে বলেন, ‘লোকজন এসে তাদের ফোনে গানের ভিডিও দেখায়। কিন্তু এটা কীভাবে হলো, সে বিষয়ে আমার কোনো ধারণা নেই।’
মালাউয়ির প্রধান শহর ব্লানতির থেকে ২০ কিলোমিটার দূরে চেওয়াতে নিজ বাড়িতে বসে চালামান্দা বলেন, ‘মানুষজন এটা (তাঁর সংগীতের টিকটক) উপভোগ করছে, বিষয়টি আমার বেশ ভালো লেগেছে। আমার মেধা সঠিক মনোযোগ আকর্ষণ করছে।’
নিজের মেয়ের জন্য ২০০০ সালে প্রথম ‘লিন্নি’ নামে একটি গান রেকর্ড করেছিলেন চালামান্দা। বিশ্বব্যাপী দুই দশক পর এটি সবার নজরে আসে এবং ব্যাপক প্রশংসা পায়। স্থানীয় এক তরুণ শিল্পী নামাদিঙ্গো চালামান্দাকে নিয়ে ‘লিন্নি হু’ শিরোনামে ওই গানের রিমিক্স বের করেন। এরপরই এটি অনলাইন মাধ্যমে ছড়িয়ে পড়ে। পায় ব্যাপক জনপ্রিয়তা।
টিকটকের ভাইরাল ভিডিওটি সাদা-কালো। ভিডিওতে হাস্যোজ্জ্বল, ফাঁক-দাঁতওয়ালা চালামান্দাকে একটি সাদা শার্ট এবং ভি-গলা সোয়েটার পরতে দেখা যায়। এতে দেখা নিজের বাড়ির বাইরে গাছের নিচে নামাডিঙ্গোকে নিয়ে জ্যামিং করছেন চালামান্দা।
ভিডিওটি প্রথম ভাইরাল হয় ইউটিউবে পোস্ট করার পর। ইউটিউবে এটি ৬৯ লাখের বেশি বার দেখা হয়েছে। এরপর গত বছরের শেষের দিকে ভিডিওটি টিকটকে শেয়ার করা হয়। সেখান থেকে এটি সবখানে ছড়িয়ে পড়ে।
চালামান্দা জানতেনও না তাঁর গান এত জনপ্রিয়। পরে তিনি সন্তান ও বন্ধুদের কাছ থেকে বিষয়টি জানেন। তখন থেকে তিনি তাঁর আরও অনেক গানের রিমিক্স বের করেন। চালামান্দার এই কাজে গর্বিত তাঁর পরিবারের সদস্যরা।