হত্যাযজ্ঞের দায় স্বীকার বোকো হারাম নেতার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

উত্তর-পূর্ব নাইজেরিয়ার বাগা শহরে সাম্প্রতিক হত্যাযজ্ঞের দায় স্বীকার করে এক ভিডিওবার্তা দিয়েছে জঙ্গিগোষ্ঠী বোকো হারাম। সংগঠনটির নেতা আবুবকর শেকাউ গত মঙ্গলবার সন্ধ্যায় প্রচারিত ভিডিওবার্তায় প্রতিবেশী দেশ নাইজার, চাদ ও ক্যামেরুনকে হুমকিও দিয়েছেন। খবর এএফপি ও বিবিসির।
বোকো হারামের একের পর এক হামলা প্রতিহত করতে চাদের সেনারা ক্যামেরুনের দিকে রওনা হওয়ার মধ্যে শেকাউয়ের ওই বার্তা এল।
মঙ্গলবার রাতেও ক্যামেরুনের সেনাদের সঙ্গে উত্তর নাইজেরিয়ার সীমান্ত এলাকায় জঙ্গিদের প্রচণ্ড লড়াই চলার খবর পাওয়া গেছে।
নাইজেরিয়ার উত্তর-পূর্বাঞ্চলীয় বোর্নো প্রদেশের বাগা শহরে চলতি মাসের ৩ থেকে ৭ তারিখের মধ্যে বড় ধরনের হামলা চালায় জঙ্গিরা। এতে কমবেশি দুই হাজার লোক নিহত হয় বলে বিভিন্ন খবরে বলা হয়। তবে সরকার নিহতের সংখ্যা মাত্র ১৫০ বলে দাবি করে।
ভিডিও আদান-প্রদানের জনপ্রিয় ওয়েবসাইট ইউটিউবে প্রকাশিত ৩৫ মিনিটের ভিডিওবার্তায় বোকো হারাম নেতা শেকাউ বলেন, ‘আমরা বাগা শহরের লোকজনকে হত্যা করেছি।’
শেকাউকে একটি সাদা ট্রাকের সামনে দাঁড়িয়ে কথা বলতে দেখা যায়। ভিডিওটি কখন বা কোথায় ধারণ করা হয়েছে, তার কোনো ইঙ্গিত দেওয়া হয়নি।
নাইজেরিয়া, নাইজার, চাদ ও ক্যামেরুনের প্রতিনিধিরা বোকো হারামের হুমকির প্রেক্ষাপটে যৌথ আঞ্চলিক পদক্ষেপ নেওয়ার উপায় বের করতে নিয়ামিতে বৈঠক করছেন। ভিডিওতে এসব হুমকি উড়িয়ে দিয়ে বোকো হারাম নেতা শেকাউ বলেছেন, বোকো হারাম সবার বিরুদ্ধে লড়বে। আঞ্চলিক নেতাদের বিরুদ্ধে চ্যালেঞ্জ ছুড়ে দিয়ে তিনি বলেন, ‘আফ্রিকার রাজারা, আপনারা দেরি করে ফেলেছেন।