হস্তক্ষেপের বিষয় নাকচ লিবিয়ার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

লিবিয়ায় জাতিসংঘ-সমর্থিত ঐকমত্যের সরকার দেশটিতে ইসলামিক স্টেট (আইএস) জঙ্গিদের মোকাবিলায় আন্তর্জাতিক সামরিক হস্তক্ষেপের বিষয়টি নাকচ করে দিয়েছে। প্রধানমন্ত্রী ফায়েজ আল-সাররাজ ফরাসি সংবাদপত্র লো জুর্নাল দু দিমশকে বলেন, তিনি তাঁর দেশের মাটিতে বিদেশি সেনা প্রবেশের অনুমতি দেবেন না। গতকাল রোববার প্রকাশিত ওই সাক্ষাৎকারে আল-সাররাজ বলেন, ‘এটা সত্যি যে সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াইয়ে আমাদের আন্তর্জাতিক সম্প্রদায়ের সহায়তার প্রয়োজন রয়েছে। তবে এর সঙ্গে এটাও সত্যি, আমাদের যা প্রয়োজন ছিল, ইতিমধ্যেই তা পেয়েছি।’ লিবিয়ার ভূখণ্ডে বিদেশি সেনার উপস্থিতিকে তাঁদের আদর্শের পরিপন্থী উল্লেখ করে লিবীয় প্রধানমন্ত্রী আরও বলেন, ‘আমরা আমাদের দেশে আন্তর্জাতিক সামরিক হস্তক্ষেপ চাইছি না।...বরং স্যাটেলাইট চিত্র, গোয়েন্দা তথ্য ও কারিগরি সহযোগিতা চাই। গোলাবর্ষণ চাই না।’
এএফপি