হাইতিতে রাজনৈতিক অস্থিরতা কমাতে সাহায্যের প্রতিশ্রুতি যুক্তরাষ্ট্রের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
হাইতির প্রেসিডেন্ট জোভেনেল মইসি।
ছবি: রয়টার্স

সন্ত্রাসী হামলায় হাইতির প্রেসিডেন্ট জোভেনেল মইসি নিহত হওয়ায় দেশটিতে রাজনৈতিক অস্থিরতা দেখা দিয়েছে। এই অস্থিরতা কাটিয়ে উঠতে যেকোনো ধরনের সাহায্য করার প্রতিশ্রুতি দিয়েছে যুক্তরাষ্ট্র। এ ছাড়া রাজনৈতিক সংকট সমাধানে সংলাপের আহ্বান জানিয়েছে ইউরোপীয় ইউনিয়ন। খবর রয়টার্স ও এএফপির।

গতকাল বুধবার বন্দুকধারীরা মইসির ব্যক্তিগত বাসায় হামলা চালিয়ে তাঁকে হত্যা করে। এই হামলায় তাঁর স্ত্রী আহত হয়েছেন। মইসি নিহত হওয়ায় সরকারের দায়িত্ব নিয়েছেন অন্তর্বর্তী প্রধানমন্ত্রী ক্লদে জোসেফ। তিনি জনসাধারণের চলাচলের ওপর অবরোধ আরোপ করেছেন। এ ছাড়া জনগণের নিরাপত্তা নিশ্চিত করা, পরিস্থিতি শান্ত রাখা এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে পুলিশ ও সেনাবাহিনীকে নির্দেশ দিয়েছেন তিনি।

এই ঘটনার নিন্দা জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। এ ছাড়া অভিযোগ উঠেছে, মইসির ওপর যাঁরা হামলা চালিয়েছেন, তাঁরা মার্কিন মাদক নিয়ন্ত্রণ দপ্তরের এজেন্ট। কিন্তু এই অভিযোগ উড়িয়ে দিয়েছেন মার্কিন পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র নেড প্রাইস।

মইসি হত্যার মধ্য দিয়ে হাইতিতে যে সংকট তৈরি হয়েছে, তা সমাধানে সাহায্যের প্রতিশ্রুতি দিয়েছে যুক্তরাষ্ট্র। এ প্রসঙ্গে নেড প্রাইস বলেন, মইসিকে যারা হত্যা করেছে, তাদের বিচারের আওতায় আনার আহ্বান জানাচ্ছে যুক্তরাষ্ট্র।

এ হামলার নিন্দা জানিয়েছেন ইউরোপিয়ান কাউন্সিলের প্রেসিডেন্ট চার্লস মিশেল। তিনি এক টুইট পোস্টে লিখেছেন, ‘আমরা পরিস্থিতি পর্যবেক্ষণ করছি। হাইতির জনগণকে শান্ত থাকার আহ্বান জানাচ্ছি।’

এ ছাড়া সংলাপের মধ্য দিয়ে দেশটিতে একটি স্বচ্ছ ও নিরপেক্ষ নির্বাচন করার আহ্বান জানিয়েছেন তিনি। যথাসময়ে এই নির্বাচন করার আহ্বান জানিয়েছে যুক্তরাষ্ট্রও।