নাইজেরিয়ার সাধারণ নির্বাচন সামনে রেখে দেশটির শহরগুলোতে বোমা হামলা বেড়েছে উল্লেখযোগ্য হারে। ওই নির্বাচন রুখতে মরিয়া জঙ্গিগোষ্ঠী বোকো হারাম। তাদের দখলে থাকা এলাকাগুলোতে জোর অভিযান চালাচ্ছে দেশটির সেনাবাহিনী। এর মধ্যেই একের পর এক ভয়াবহ হামলার ঘটনা ঘটছে। লক্ষণীয় বিষয় হচ্ছে, হামলার সব কটি ঘটনাই ঘটছে জনবহুল বাসস্ট্যান্ডে।
শহুরে এলাকাগুলোতে হামলার ঘটনাগুলো বোকো হারামের অতীত কৌশলের কথাই মনে করিয়ে দিচ্ছে। ২০১৪ সালের মধ্যভাগে দেশের উত্তর-পূর্বাঞ্চলের বিভিন্ন এলাকা দখল করে নিয়ে একটি ‘ইসলামি খিলাফত’ গঠনের ঘোষণা দেওয়ার আগে তারা ওই ধরনের তৎপরতাই শুরু করেছিল। ২০১৩ সালের মে মাসে নাইজেরীয় সরকার জরুরি অবস্থা জারি করার আগ পর্যন্ত কানো প্রদেশের রাজধানী কানো এবং বোর্নো প্রদেশের রাজধানী মাইদুগুরিসহ উত্তর-পূর্বাঞ্চলীয় বিভিন্ন শহরে বোমা হামলা ছিল নিত্যনৈমিত্তিক ব্যাপার।
এবারও হামলায় ব্যবহার করা হচ্ছে ব্যাগভর্তি বিস্ফোরক বা আত্মঘাতী হামলাকারীদের। হামলার ধরন দেখে এরই মধ্যে ‘কোমল লক্ষ্যমাত্রাগুলোতে’ ক্রমবর্ধমান নজরদারির জন্য একটি সতর্কবার্তা জারি করতে বাধ্য হয়েছে নাইজেরীয় সরকার। তবে ২৮ মার্চের নির্বাচন বোকো হারাম বানচাল করার হুমকি দেওয়ার প্রেক্ষাপটে নিরাপত্তা বিশ্লেষকেরা বলছেন, বিশেষ করে ভোটকেন্দ্রগুলোতে ভোটারদের নিরাপত্তা নিয়ে নতুন শঙ্কা তৈরি হবে।
ঝুঁকি গবেষণা প্রতিষ্ঠান রেডটোয়েন্টিফোরের আফ্রিকাবিষয়ক প্রধান গবেষক রায়ান কামিংস বলেন, ‘আমি মনে করি, এটা বলাই নিরাপদ হবে যে যেহেতু উত্তর-পূর্বাঞ্চলে বহুদেশীয় বাহিনীর জঙ্গিবিরোধী অভিযান অব্যাহত রয়েছে, সেহেতু বোকো হারাম এখন শহুরে এলাকাগুলোতে তার সন্ত্রাসী তৎপরতা বৃদ্ধি করবে।’ তিনি আরও বলেন, বোকো হারাম জানে, নাইজেরীয় বাহিনী ও তাদের মিত্রদের সঙ্গে প্রচলিত লড়াইয়ে পেরে ওঠার মতো অস্ত্রশস্ত্র ও জনবল তাদের কাছে নেই। সুতরাং তাদের প্রতিশোধমূলক হামলার ক্রমবর্ধমান আলোকপাত হবে অপ্রতিসম লড়াই। এ ক্ষেত্রে অস্ত্র ও জনবল লাগবে কম, অথচ ক্ষয়ক্ষতি করা যাবে অনেক বেশি।
প্রতিবেশী ক্যামেরুন, চাদ ও নাইজারের সেনাদের সহায়তায় সম্প্রতি উত্তর-পূর্বাঞ্চলে জঙ্গিদের শক্ত ঘাঁটিতে ব্যাপকভাবে অভিযান চালিয়েছে নাইজেরীয় বাহিনী। চলতি মাসের প্রথম দিকে বাগা শহরসহ বিভিন্ন এলাকা পুনরুদ্ধারেও দাবি করেছে তারা। নাইজেরিয়ার প্রেসিডেন্ট জোনাথন গুডলাক বলেছেন, ২০০৯ সাল থেকে এ পর্যন্ত ১৩ হাজারের বেশি মানুষের প্রাণ কেড়ে নেওয়া এই লড়াইয়ের শিগগিরই ইতি ঘটবে।
পর্যবেক্ষকেরা নাইজেরীয় সেনাবাহিনীর দাবি করা এই সফলতার সঙ্গে দেশটির আসন্ন নির্বাচনের যোগসূত্র খুঁজছেন। নির্বাচন মূলত ১৪ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও চলমান সেনা অভিযানের কারণে এরই মধ্যে তা ছয় সপ্তাহ পিছিয়ে দেওয়া হয়েছে। দেশটির জাতীয় নিরাপত্তা উপদেষ্টার ভাষ্য, বর্তমান পরিস্থিতিতে সেনাবাহিনী নির্বাচনের দিন নিরাপত্তা নিশ্চিত করতে সক্ষম হবে না।
বোকো হারামের নেতা আবুবকর শেকাউ সম্প্রতি বলেছেন, ‘এ নির্বাচন অনুষ্ঠিত হবে না; এমনকি আমরা মারা গেলেও না।’ লোকজনকে ভোট দিতে না যাওয়ার আহ্বান জানিয়ে এরই মধ্যে প্রচারপত্র বিলি করেছে জঙ্গিরা।
গবেষক কামিংসের যুক্তি, শহরগুলোতে হামলার গেরিলা কৌশলে জঙ্গিদের ফিরে যাওয়ার বিষয়টি নিরাপত্তা পরিস্থিতির জন্য নতুন সমস্যা তৈরি করতে পারে।