হারিয়ে যাচ্ছে কঙ্গোর পিগমিদের সংস্কৃতি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কঙ্গোর কিভু হ্রদের বুকে এক পিগমি জেলে l ছবি: এএফপি
কঙ্গোর কিভু হ্রদের বুকে এক পিগমি জেলে l ছবি: এএফপি

মধ্য আফ্রিকার দেশ কঙ্গো ও রুয়ান্ডার মাঝখানে বিশাল কিভু হ্রদ। এই হ্রদের কঙ্গো অংশের সবচেয়ে বড় দ্বীপ ইদজিউ। পিঠ ভাসিয়ে থাকা তিমির মতো এই দ্বীপের প্রায় পুরোটাই ঘন জঙ্গলে ঢাকা। সেখানে প্রতিকূল আবহাওয়া, সাপ-খোপ, জন্তু-জানোয়ারের সঙ্গে লড়াই করে কয়েক হাজার বছর ধরে এতদিন টিকে আছে অল্প কিছু পিগমি আদিবাসী। তবে ইদজিউ দ্বীপের পিগমিদের ঐতিহ্য ও জীবনযাপন পদ্ধতি আজ বিপন্ন।

ইদজিউ দ্বীপে ২ লাখ ৮০ হাজার লোকের বাস। এদের সবাই আদিবাসী। এদের মধ্যে ৯৫ শতাংশই বান্টু সম্প্রদায়ের। এই বান্টুরা স্থানীয়ভাবে ‘বামবুতি’ নামে পরিচিত খর্বাকৃতি পিগমিদের নিজ জমি থেকে উচ্ছেদ করে তাড়িয়ে দিচ্ছে।

বান্টু সম্প্রদায়ের মানুষ শিক্ষাদীক্ষায় এগিয়ে। ১৯৮০ সালের পর থেকে স্থানীয় কর্তৃত্ব তাদের হাতে চলে যায়। তারা বামবুতিদের বন থেকে তাড়িয়ে দিয়ে সেখানে খামার ও ঘরবাড়ি তুলছে। ইদজিউ দ্বীপের বামবুতিদের বেশির ভাগই এখন ভূমিহীন।

 ইদজিউয়ের পিগমিদের প্রধান চার্লস লিভিংস্টোন বলেন, সব মিলিয়ে সেখানে পিগমিদের সংখ্যা সাত হাজারের বেশি না। তারা এখন পতিত জমিতে ঝুপড়ি পেতে কোনো রকম বেঁচে আছে। তাদের বেশির ভাগই লিখতে-পড়তে জানে না। বাবা-মা শিশুদের স্কুলে পাঠানোর খরচ দেওয়া তো দূরের কথা, তাদের পেটভরে খেতেই দিতে পারেন না।

হাবিমানা নামের এক বামবুতি নারী বলেন, ‘জঙ্গলে থাকতে আমাদের আশ্রয়, খাবার, ওষুধ, কাপড়চোপড়ের অভাব ছিল না। ভালোই ছিলাম।’ হাবিমানা বলেন, জঙ্গলে বাস করার ধরনের সঙ্গে তাঁরা অভ্যস্ত। সেখান থেকে বিচ্যুত হয়ে অস্তিত্বসংকটে পড়ে গেছেন।

 হাবিমানা বলেন, উপকূলে বান্টুরা নতুন নতুন ভবন ও হোটেল তুলছে। সেখানে তাদের শ্রমিকের কাজ করতে হয়। মজুরি হিসেবে যা পাওয়া যায় তা দিয়ে খাওয়া-পরা চলে না। আগে তারা বানর, পাখি ও সাপ শিকার করে ভালোই চলত। এখন বান্টুদের দয়ার ওপর নির্ভর করতে হয়।