আলজেরিয়ার যাত্রীবাহী উড়োজাহাজটি বিধ্বস্তই হয়েছে। এটির ধ্বংসাবশেষ গতকাল শুক্রবার পাওয়া গেছে মালিতে। ১১৬ জন আরোহীর কেউ বেঁচে নেই বলে জানিয়েছেন ফ্রান্সের প্রেসিডেন্ট ফ্রাঁসোয়া ওঁলাদ। ফরাসি সেনাসদস্যরা দুর্ঘটনাস্থলে উদ্ধার তৎপরতা চালিয়ে যাচ্ছেন। খবর এএফপি ও রয়টার্সের।
এয়ার আলজেরির এএইচ ৫০১৭ নম্বর ফ্লাইটটি গত বৃহস্পতিবার ১১০ জন যাত্রী ও ছয়জন ক্রু নিয়ে বুরকিনা ফাসোর রাজধানী ওয়াগাদগু থেকে আলজেরিয়ার রাজধানী আলজিয়ার্সের উদ্দেশে যাত্রা করে। পথে মালির উত্তরাঞ্চলে এটি বিধ্বস্ত হয়। উড়োজাহাজের আরোহীদের মধ্যে ৫১ জনই ছিলেন ফ্রান্সের নাগরিক।
প্রেসিডেন্ট ওঁলাদ গত বৃহস্পতিবার রাতে ফরাসি একটি টেলিভিশন চ্যানেলে বলেন, ‘গভীর দুঃখের সঙ্গে জানাচ্ছি, এএইচ ৫০১৭ নম্বর ফ্লাইটের কোনো আরোহী বেঁচে নেই। এটি মালির উত্তরাঞ্চলের বিধ্বস্ত হয়েছে।’ ওঁলাদ জানান, ফ্রান্সের সেনাসদস্যরা লাশ ও উড়োজাহাজের ধ্বংসাবশেষ উদ্ধারের কাজ চালিয়ে যাচ্ছেন। তাঁরা ব্ল্যাক বক্সও উদ্ধার করতে সক্ষম হয়েছেন।
উড়োজাহাজের যাত্রীদের মধ্যে ফ্রান্সের ৫১ জন নাগরিক ছাড়াও বুরকিনা ফাসোর ২৭, লেবাননের ৮, আলজেরিয়ার ৬, কানাডার ৫, জার্মানির ৪, লুক্সেমবুর্গের ২ ও সুইজারল্যান্ড, বেলজিয়াম, মিসর, ইউক্রেন, মালি, নাইজেরিয়া ও ক্যামেরুনের একজন করে নাগরিক ছিলেন।
উড়োজাহাজ বিধ্বস্ত হওয়ার কারণ নিশ্চিত হওয়া যায়নি। তবে ফ্রান্সের স্বরাষ্ট্রমন্ত্রী বার্নার্ড কাজেনিউভি গতকাল আরটিএল বেতারকে বলেন, ‘আমাদের মনে হচ্ছে, প্রতিকূল আবহাওয়ার কারণেই উড়োজাহাজটি বিধ্বস্ত হয়েছে। এখন পর্যন্ত এটাই দুর্ঘটনার অন্যতম সম্ভ্যাব্য কারণ।’
উড়োজাহাজ বিধ্বস্ত হওয়ার ঘটনায় বিশেষ কমিটি করেছে বুরকিনা ফাসো। ওই কমিটির প্রধান জেনারেল গিলবার্ট ডিয়েনেডেরে জানান, বুরকিনা ফাসোর সীমান্ত থেকে ৫০ কিলোমিটার দূরে মালির একটি গ্রামে উড়োজাহাজটি বিধ্বস্ত হয়। মালি সরকারের সম্মতিতে সেখানে উদ্ধারকারী একটি দল পাঠিয়েছে বুরকিনা ফাসো। তারা স্থানীয় লোকজনকে সঙ্গে নিয়ে উদ্ধার তৎপরতা শুরু করেছে।
বুরকিনা ফাসোর পরিবহনমন্ত্রী জানান, উড়োজাহাজটির পাইলট নাইজার বিমান নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের কাছে একটি বার্তা পাঠিয়েছিলেন। ওই বার্তায় তিনি ভারী বৃষ্টিপাতের কারণে গতিপথ পরিবর্তনের কথা জানিয়েছিলেন। সম্ভবত ওটাই ছিল পাইলটের শেষ বার্তা।
উড়োজাহাজটি বুরকিনা ফাসো থেকে যাত্রা শুরুর প্রায় ৫০ মিনিট পর নিয়ন্ত্রণকক্ষের সঙ্গে এর যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। মালিতে উড়োজাহাজটি বিধ্বস্ত হওয়ার খবরের পরপর গুজব ছড়িয়ে পড়ে, এটি গুলি করে ভূপাতিত করা হয়েছে। তবে গতকাল ফ্রান্সের পরিবহনমন্ত্রী ফ্রেডারিক কুভিলিয়ার বলেন, শুরু থেকেই গুলি করে ভূপাতিত করার অভিযোগ নাকচ করে আসছে প্যারিস। ফরাসি একটি টেলিভিশন চ্যানেলে কুভিলিয়ার বলেন, ‘মালির গোলযোগপূর্ণ উত্তরাঞ্চলে বিদ্রোহীরা গুলি করে উড়োজাহাজটি ভূপাতিত করা হয়েছে বলে গুজব ছড়িয়েছে। কিন্তু আমরা শুরু থেকেই এ ধরনের অভিযোগ নাকচ করে আসছি।’