কারাগার থেকে পালানোর একপ্রকার রেকর্ডই গড়েছেন তিনি। শিশু বয়স থেকেই গ্রেপ্তার হওয়া আর কারাগার থেকে পালানো যেন তাঁর জীবনের অবিচ্ছেদ্য অংশ হয়ে উঠেছে। তবে ১২ বার কারাগার থেকে পালিয়েও শেষ রক্ষা হয়নি বায়ে মদুউ ফলের। আবারও গ্রেপ্তার হতে হয়েছে তাঁকে।
বিবিসি জানায়, বায়ে মদুউ ফল সেনেগালের নাগরিক। নিজেকে তিনি ব্যবসায়ী বলে দাবি করেন। তবে তিনি একাধিকবার গ্রেপ্তার হয়েছেন ডাকাতির অভিযোগে। শিশু বয়স থেকেই এই চোর–পুলিশ খেলার দৌড়ে তাঁর প্রাতিষ্ঠানিক পড়ালেখাটাও হয়নি। তবে বিভিন্ন জায়গায় কাজের সূত্রে কম্পিউটার বিষয়ে প্রাথমিক জ্ঞান লাভ করেছেন তিনি।
সেনেগালের রাজধানী ডাকার থেকে ১৬০ কিলোমিটার পূর্বে ডিয়োরবেল শহরের বাসিন্দা মদুউ। শিশুকালে প্রথম আটক হন তিনি। আটককেন্দ্র থেকে পালিয়েও যান। এরপর তিনি আবারও আটক হন, আবার পালিয়েও যান। এভাবেই কেটে যায় প্রায় তিন দশক। একবার তো কারাগার থেকে পালিয়ে গাম্বিয়ায় চলে গেলেন। কিন্তু সেখানে গিয়েও গ্রেপ্তার হতে হয় তাঁকে। পাঁচ মাস পর সেনেগালের গিনি সীমান্তের কাছে আবার ধরা পড়েন মদুউ। এ ঘটনা ২০১৬ সালের। এর চার বছর পর গত বছরের নভেম্বরে ডাকাতির একটি মামলায় সেনেগালের আদালতে দোষী সাব্যস্ত হন তিনি। তবে এখন পর্যন্ত তাঁর সাজা ঘোষণা হয়নি। গত মে মাসে হাই সিকিউরিটি কারাগার থেকে আবারও পালান মদুউ। তবে তাতেও শেষ রক্ষা হয়নি। গত বৃহস্পতিবার তিনি মালির সঙ্গে সেনেগালের সীমান্ত এলাকা থেকে আবার গ্রেপ্তার হয়েছেন।
মদুউর ভাষ্যমতে, কারাগারের ভেন্টিলেটরের গ্রিল ভেঙে এবং দড়ি দিয়ে দেয়াল টপকে পালান তিনি। এরপর সেনেগালের চ্যানেল আইটিভিতে সাক্ষাৎকার দেন। তিনি দাবি করেন, বিচারিক কার্যক্রমের ধীরগতির কারণে তিনি বারবার কারাগার থেকে পালান। সর্বশেষ একটি ডাকাতির অভিযোগে তিনি ৯ বছর ধরে কারাগারে আছেন। মদুউ বলেন, ‘আমি জানি, কারাগার থেকে পালানো অপরাধ। কিন্তু আমার করার কিছু নেই। কোনো কারণ ছাড়াই আমি ৯ বছর ধরে বন্দী হয়ে আছি। পালিয়ে যাওয়াটাই আমার জন্য মুক্তি। আদতে কারাগারে কোনো নিরাপত্তা নেই। আমি জানি, দিনে বা রাতে যেকোনো সময় চাইলেই আমি বের হয়ে আসতে পারব।’