পশ্চিম আফ্রিকার দেশ নাইজেরিয়ার ইসলামপন্থী জঙ্গি সংগঠন বোকো হারামের অস্ত্রধারীরা ৪৮ জন মাছ ব্যবসায়ীকে হত্যা করেছে। বোর্নো অঙ্গরাজ্যের পার্শ্ববর্তী দেশ চাদ-সংলগ্ন এলাকায় বৃহস্পতিবার এ ঘটনা ঘটে। খবর এএফপির।
বোকো হারাম তাদের তৎপরতার এলাকায় মুঠোফোনের নেটওয়ার্ক ধ্বংস করে ফেলায় দেরিতে এ খবর পাওয়া গেছে বলে জানানো হয়েছে। পূর্ব আফ্রিকার দেশ কেনিয়ায় আরেক ইসলামি জঙ্গি দল আল-শাবাব গত শনিবার ২৮ বাসযাত্রীকে গুলি করে হত্যার পর এ খবর পাওয়া গেল।
মাছ ব্যবসায়ীদের সংগঠনের নেতা আবুবকর গামদানি বার্তা সংস্থা এএফপিকে জানান, নাইজেরিয়া ও চাদের মধ্যে সংযোগকারী ডোরনো বাগা এলাকায় এ হত্যার ঘটনা ঘটে। বৃহস্পতিবার একদল মাছ ব্যবসায়ী ওই এলাকা দিয়ে যাওয়ার সময় বোকো হারামের বেশ কয়েকজন অস্ত্রধারী সদস্য তাদের ঘিরে ফেলে। এরপর তারা ৪৮ জনকে মেরে ফেলে। মাছ কিনতে ওই ব্যবসায়ীরা পাশের দেশ চাদে যাচ্ছিল।
নাইজেরিয়ার সেনা সূত্র বোকো হারামের এ হামলার বিষয়টি নিশ্চিত করলেও বিস্তারিত কিছু জানায়নি।
বোর্নো রাজ্যের রাজধানী মাইদুগিরি থেকে টেলিফোনে মাছ ব্যবসায়ী গামদানি জানান, বোকো হারামের সদস্যরা আটক ব্যবসায়ীদের বেশ কয়েকজনকে জবাই করে। কয়েকজনকে নদীতে ফেলে দিয়ে মেরে ফেলা হয়। হ্রদে ফেলে দেওয়ার আগে মাছ ব্যবসায়ীদের হাত-পা বেঁধে ফেলা হয়।
ভয়াবহ এ হত্যাযজ্ঞের স্থান ডোরনো বাগায় মাল্টিন্যাশনাল জয়েন্ট টাস্কফোর্সের (এমএনজেটিএফ) একটি ঘাঁটি আছে। জঙ্গিদের সঙ্গে লড়াইয়ের জন্য নাইজেরিয়া, চাদ ও নাইজারের সেনাবাহিনীর যৌথ বাহিনী এটি। আন্তসীমান্ত অপরাধ নিয়ন্ত্রণে ১৯৯৮ সালে গঠিত হয় এ বাহিনী। পরে বোকো হারামকে নিয়ন্ত্রণের দায়িত্ব পড়ে তাদের ওপর।
গামদানি বলেন, হত্যাকাণ্ডে কোনো আগ্নেয়াস্ত্র ব্যবহার করেনি আততায়ীরা। এমএনজেটিএফের সদস্যরা যাতে টের না পায়, সে জন্যই নীরবে তাদেরকে মেরে ফেলা হয়।
ওই হামলার বিষয়ে মাইদুগিরির এক সেনা কর্মকর্তা বলেন, ‘আমরা হামলার কথা শুনেছি। তবে ওই এলাকাটি এমএনজেটিএফের এখতিয়ারে থাকায় বিস্তারিত কিছু জানি না।’
এর আগে একাধিকবার বোকো হারামের আক্রমণের শিকার হয়ে ডোরনো বাগা এলাকার অনেক ব্যবসায়ী মাছের ব্যবসা ছেড়ে দেন। গত আগস্ট মাসেও এ এলাকার একটি গ্রামে হামলা চালিয়ে ৯৭ জনকে অপহরণ করে জঙ্গিরা। পরে এদের মধ্যে ৩৮ জনকে হত্যা করে তারা।