৮২ স্কুলছাত্রীকে মুক্তি দিয়েছে বোকো হারাম
তিন বছরের বেশি আগে অপহরণ করা স্কুলছাত্রীদের মধ্যে ৮২ জনকে মুক্তি দিয়েছে নাইজেরিয়ার জঙ্গিগোষ্ঠী বোকো হারাম। দেশটির সরকার গত শনিবার জানায়, বন্দী বিনিময়ের সমঝোতার মাধ্যমে ওই মেয়েদের ফিরিয়ে আনার ব্যবস্থা করা হয়েছে।
বোকো হারাম জঙ্গিরা তিন বছরের বেশি সময় আগে ২৭৬ স্কুলছাত্রীকে অপহরণ করেছিল। তাদের মধ্যে অনেককে ধর্মান্তরিত করা ও জঙ্গি সদস্যদের সঙ্গে বিয়ে দেওয়ার খবরও পাওয়া গিয়েছিল।
নাইজেরিয়ার প্রেসিডেন্টের কার্যালয় জানায়, কয়েক মাস ধরে আলোচনার পর জঙ্গিরা ৮২ জন ছাত্রীকে ফিরিয়ে দিতে রাজি হয়। ছয় মাসের কিছু বেশি সময় আগে আন্তর্জাতিক মধ্যস্থতাকারীদের সহায়তায় আরও ২১ জনকে মুক্তি দেওয়া হয়েছিল। এরপর দেশীয় উদ্যোগে সমঝোতার দীর্ঘ আলোচনার পর নিরাপত্তা সংস্থাগুলো ৮২ জনকে ফিরিয়ে এনেছে। বিনিময়ে কয়েকজন সন্দেহভাজন বোকো হারাম জঙ্গিকে ছেড়ে দিতে হয়েছে।
তবে ঠিক কতজন সন্দেহভাজন জঙ্গি মুক্তি পেয়েছেন এবং তাঁদের পরিচয় কী, সে তথ্য সরকার প্রকাশ করেনি। মুক্ত স্কুলছাত্রীরা গতকাল রোববার রাজধানী আবুজায় পৌঁছেছে। তারা সেখানে প্রেসিডেন্ট মুহাম্মাদু বুহারির সঙ্গে দেখা করেছে।
ক্যামেরুন সীমান্তের কাছাকাছি বাংকি এলাকার একটি সামরিক ও বেসামরিক মিলিশিয়া সূত্র বলেছে, শনিবার অন্তত ৮০টি মেয়েকে সেখানকার সেনানিবাসে হাজির করা হয়। তাদের বেশির ভাগই ভালো অবস্থায় রয়েছে। তাদের ফিরিয়ে আনতে প্রায় তিন থেকে চার মাস আলোচনা হয়েছে। প্রথমে ৫০ জন ছাত্রীর মুক্তির কথা হলেও পরে সেই সংখ্যা বাড়ানো হয়।
বোকো হারাম যোদ্ধারা চিবক শহরের একটি সরকারি মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে ২০১৪ সালের ১৪ এপ্রিল হামলা চালিয়ে ২৭৬ জন ছাত্রীকে অপহরণ করে। অপহরণের কয়েক ঘণ্টা পর ৫৭ জন পালিয়ে ফিরে এলেও বাকি ২১৯ জন জঙ্গিদের কবলে থেকে যায়।
বোকো হারামের নেতা আবুবকর শেকো নাইজেরিয়ার উত্তর-পূর্বাঞ্চলে একটি কট্টর ইসলামি রাষ্ট্র গড়তে চান। সরকারি বাহিনীর সঙ্গে তাঁদের লড়াই ও হামলায় ২০০৯ সাল থেকে এ পর্যন্ত অন্তত ২০ হাজার মানুষ প্রাণ হারিয়েছে।