৯০ বছর বয়সেও প্রাথমিকের ছাত্রী
৯০ বছর বয়সে এসে জীবনে প্রথমবারের মতো স্কুলে ভর্তি হয়েছেন কেনিয়ার প্রিসিলা সিটিনেই। রিফট ভ্যালিতে তাঁর স্কুলের প্রধান শিক্ষক বলছেন, সাবেক ধাত্রী প্রিসিলা পৃথিবীর প্রবীণতম স্কুলছাত্রী।
গতকাল রোববার বিবিসি বাংলার এক খবরে জানানো হয়, তিনি শুধু লিখতে ও পড়তে শিখতে দৃঢ়প্রতিজ্ঞই নন, রীতিমতো স্কুল-পোশাক পরে ক্লাসে যোগ দিচ্ছেন। এমনকি তিনি নাচের ও শারীরিক শিক্ষার ক্লাসেও অংশ নিচ্ছেন।
রিফট ভ্যালির লিডার্স ভিশন প্রিপারেটরি স্কুলের চতুর্থ শ্রেণির শ্রেণিকক্ষে গিয়ে সংবাদদাতা দেখতে পান আকাশি রঙের শার্ট, লাল টাই আর সবুজ সোয়েটার পরে সহপাঠীদের সঙ্গে ক্লাসে যোগ দিয়েছেন প্রিসিলা।
সহপাঠীরা তাঁকে ‘গোগো’ বলে ডাকে। গোগো শব্দের অর্থ দাদি। শুধু শিক্ষকেরাই নন, সহপাঠীরা এবং অন্যান্য শ্রেণির শিক্ষার্থীরাও প্রিসিলাকে নিয়ে গর্বিত। ওই স্কুলের শিক্ষার্থীদের মধ্যে প্রিসিলার নাতি-নাতনিদের সাতজন সন্তানও রয়েছে।
৯০ বছর বয়সে পড়ালেখা বিষয়ে প্রিসিলা বলেন, ‘আমি বিশ্বের শিশুদের, বিশেষ করে কন্যাশিশুদের বলতে চাই, শিক্ষাই তোমাদের সম্পদ। এটা অর্জন করার জন্য পেছনে ফিরে তাকিও না।’