'অনেক নয়, মাত্র একটি পরকীয়া আছে'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
দক্ষিণ আফ্রিকার ডেপুটি প্রেসিডেন্ট সিরিল রামাফোসা। ছবি: রয়টার্স
দক্ষিণ আফ্রিকার ডেপুটি প্রেসিডেন্ট সিরিল রামাফোসা। ছবি: রয়টার্স

একজন মানুষ একসঙ্গে কতজন নারীর সঙ্গে বিবাহবহির্ভূত সম্পর্ক বা পরকীয়ায় জড়াতে পারেন! উত্তর কঠিন হলেও একজনের সঙ্গে সম্পর্কে জড়ানোর বিষয়টি হয়তো শোনা-জানা। কিন্তু যদি একের পর অসংখ্য তরুণীর সঙ্গে কেউ এই সম্পর্কে জড়িয়ে পড়েন, তাহলে হয়তো অবিশ্বাস্য ঠেকবে। আর কিঞ্চিৎ বিশ্বাস করলেও প্রশ্ন উঠতে পারে, এত চোখকে ফাঁকি দিয়ে কীভাবে সামাল দেন তিনি। হ্যাঁ, একটি দেশের ডেপুটি প্রেসিডেন্ট হলে হয়তো বিষয়টি সামাল দেওয়া সহজ।

বিবিসি অনলাইনের প্রতিবেদনে বলা হয়, দক্ষিণ আফ্রিকার ডেপুটি প্রেসিডেন্ট সিরিল রামাফোসার বিরুদ্ধে একসঙ্গে একাধিক তরুণীর সঙ্গে পরকীয়ায় জড়িয়ে পড়ার অভিযোগ উঠেছে। তবে একটি পরকীয়ার অভিযোগ স্বীকার করলেও একাধিক তরুণীর সঙ্গে সম্পর্কে জড়ানোর বিষয়টি অস্বীকার করেছেন তিনি।

প্রতিবেদনে বলা হয়, সম্প্রতি দেশটির সংবাদপত্রে ডেপুটি প্রেসিডেন্ট সিরিল রামাফোসার ব্যক্তিগত জীবনের এসব তথ্য প্রকাশ হয়। এরপরই এসব বিষয় নিয়ে মুখ খোলেন তিনি। গতকাল রোববার দেশটির সানডে টাইমস পত্রিকাকে তিনি বলেছেন, ‘আমার সঙ্গে মাত্র একজনের পরকীয়ার সম্পর্ক ছিল। সেটা চুকেবুকে গেছে। আমার স্ত্রীকে সঙ্গে নিয়ে বিষয়টি মোকাবিলাও করেছি। আমি কোনো অপরাধ করিনি, অর্থ চুরি করিনি, এমনকি দেশের সম্পদও লুট করিনি। তারপরও আমার বিরুদ্ধেই অপপ্রচার চালানো হচ্ছে। বিরোধী রাজনৈতিক দল এসব অপপ্রচার চালাচ্ছে।’

প্রতিবেদনে বলা হয়, সম্প্রতি সিরিলের ব্যক্তিগত ই-মেইল হ্যাক করা হয়। ওই ই-মেইল থেকেই একজন চিকিৎসকের সঙ্গে তাঁর পরকীয়ার প্রমাণ পাওয়া যায়। এ ছাড়া ই-মেইল থেকে জানা গেছে, ওই চিকিৎসক ছাড়াও একাধিক তরুণীর সঙ্গে সিরিলের পরকীয়ার সম্পর্ক ছিল। এমনকি তাঁদের সবার সঙ্গে অনিয়ন্ত্রিত শারীরিক সম্পর্কও ছিল তাঁর।

সিরিল রামাফোসা বলেন, আট বছর আগে একজন চিকিৎসকের সঙ্গে তাঁর পরকীয়ার সম্পর্ক ছিল। কিন্তু তাঁর সঙ্গে অন্য যেসব নারীর নাম জড়ানো হচ্ছে, তা সত্য নয়। ওই নারীরা তাঁর ছাত্রী ছিলেন। তিনি ও তাঁর স্ত্রী ওই নারীদের পড়াশোনার ব্যাপারে নানা রকম সহযোগিতা করতেন।

নিজের বিরুদ্ধে আনা অভিযোগ জনসমক্ষে প্রকাশ বন্ধে আদালতে চেষ্টা করেছিলেন সিরিল। যুক্তি ছিল, তাঁর ব্যক্তিগত সম্পর্কের বিষয় সাধারণ জনগণের সামনে আনা ঠিক নয়। এ ছাড়া দেশটির গোয়েন্দা বিভাগের প্রধানকে ই-মেইল হ্যাক করার বিষয়ে তদন্ত করতে বলবেন বলে জানিয়েছেন তিনি।

প্রতিবেদনে বলা হয়, চলতি বছরের ডিসেম্বরে দেশটির প্রেসিডেন্ট জ্যাকব জুমা আফ্রিকান ন্যাশনাল কংগ্রেস (এএনসি) দলের সভাপতির পদ ছেড়ে দেবেন। এই পদে সিরিল রামাফোসার প্রতিদ্বন্দ্বিতা করার কথা রয়েছে।