কেনিয়া সফরের আগে আবেগাপ্লুত ওবামা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বুধবারের সংবর্ধনায় মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা (বাঁয়ে)। ডানে তাঁর সৎ দাদি সারাহ হোসেন ওবামা। সম্প্রতি কেনিয়ার কোগেলো গ্রামের বাড়িতে ক্যামেরাবন্দী হন তিনি। এই গ্রামেই ওবামার বাবার কবর l ছবি: রয়টার্স
বুধবারের সংবর্ধনায় মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা (বাঁয়ে)। ডানে তাঁর সৎ দাদি সারাহ হোসেন ওবামা। সম্প্রতি কেনিয়ার কোগেলো গ্রামের বাড়িতে ক্যামেরাবন্দী হন তিনি। এই গ্রামেই ওবামার বাবার কবর l ছবি: রয়টার্স

আফ্রিকার দুটি দেশ সফরের প্রাক্কালে মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা বললেন, পূর্বপুরুষদের মহাদেশ সফরকে ঘিরে তিনি আবেগাপ্লুত। ওবামার গতকাল বৃহস্পতিবারই কেনিয়ার উদ্দেশে যাত্রা শুরু করার কথা ছিল। তাঁর সফরকে নির্বিঘ্ন করতে কেনিয়ার রাজধানী নাইরোবিতে ‘শ্বাসরোধ করা’ নিরাপত্তাব্যবস্থা নেওয়া হয়েছে। খবর এএফপির।
বারাক ওবামার বাবার জন্মভূমি কেনিয়া। গত বুধবার যুক্তরাষ্ট্রে এক সংবর্ধনা অনুষ্ঠানে ওবামা তাঁর এবারের আফ্রিকা সফর সম্পর্কে বলেন, ‘মহাদেশটি নানা ঝুঁকি মোকাবিলা করছে। তা সত্ত্বেও এ অঞ্চলটি অবিশ্বাস্য রকমের গতিশীল। সেখানে রয়েছে বিশ্বের সবচেয়ে বিকাশমান বাজার। আর আফ্রিকার মানুষগুলো অসাধারণ সব গুণের অধিকারী।’
আফ্রিকার উন্নয়নে সহায়ক একটি মার্কিন বাণিজ্য আইনবিষয়ক ওই অনুষ্ঠানে ওবামা আরও বলেন, আফ্রিকার বৈশ্বিক অর্থনৈতিক উন্নয়নের পরবর্তী কেন্দ্র হয়ে ওঠার সম্ভাবনা আছে।
দুই দফা প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালনের সময় আফ্রিকা মহাদেশের সঙ্গে যুক্তরাষ্ট্রের সম্পর্কোন্নয়নে বেশ কিছু পদক্ষেপ নিয়েছেন ওবামা। এ বিষয়ে তিনি বলেন, ‘প্রেসিডেন্ট হিসেবে আমি জোর চেষ্টা করেছি, যাতে আফ্রিকার সঙ্গে আমাদের সম্পর্ক নতুন মাত্রায় পৌঁছানো যায়। আমাদের রপ্তানি বাড়িয়েছি। বাণিজ্য, বিনিয়োগ, স্বাস্থ্য খাত ও কৃষি উন্নয়ন এবং খাদ্য নিরাপত্তাসহ নানা বিষয়ে ঐতিহাসিক উদ্যোগ নিয়েছি।’

আফ্রিকার অধিবাসীদের সঙ্গে মার্কিন নাগরিকদের সম্পর্কেরও প্রশংসা করেন ওবামা। তিনি বলেন, ‘এখানে, যুক্তরাষ্ট্রে আফ্রিকার সঙ্গে বন্ধন নিঃসন্দেহে দৃঢ়। এই বন্ধন বহু পুরোনো ও গুরুত্বপূর্ণ। একটা সময় ছিল যখন ভুল-বোঝাবুঝি আর সন্দেহ ছিল। কিন্তু বিভিন্ন সময়ে করা জরিপের দিকে তাকালে দেখা যাবে, আফ্রিকার মানুষ যুক্তরাষ্ট্রকে ভালোবাসতে শুরু করেছে। দারিদ্র্য ও সংঘাত সত্ত্বেও সেখানে শক্তি ও সম্ভাবনা আছে। ওবামা বলেন, ‘(আফ্রিকায়) অপূর্ব সুযোগ রয়েছে, আমাদের কাজ হলো এর পথে প্রতিবন্ধকতাগুলো ভেঙে ফেলা।’ 

প্রেসিডেন্ট হিসেবে ওবামার এটাই প্রথম কেনিয়া সফর। কেনিয়া সফর শেষে তিনি ইথিওপিয়া যাবেন। প্রেসিডেন্ট হিসেবে এই নিয়ে চতুর্থবারের মতো আফ্রিকা সফর করছেন ওবামা।

কেনিয়ার রাজধানী নাইরোবিতে আজ শুক্রবার এক আন্তর্জাতিক বাণিজ্য সম্মেলনে ভাষণ দেবেন ওবামা। শনিবারও তিনি নাইরোবিতে থাকবেন।

মার্কিন প্রেসিডেন্টের সফর উপলক্ষে কেনিয়ায় ‘শ্বাসরোধ করা’ নিরাপত্তাব্যবস্থা নেওয়া হয়েছে।  নাইরোবিতে কয়েক শ মার্কিন নিরাপত্তা কর্মকর্তা অবস্থান করছেন।