'আয়শা' এক প্রতিবাদী নারীর গল্প

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আয়শা। উচ্চাকাঙ্ক্ষী এক তরুণী। পেশায় ব্যবসায়ী। শহরে থাকেন। ছোট বোনের বিয়ে উপলক্ষে গ্রামে এসেছিলেন। শহুরে জীবনযাপনে অভ্যস্ত আয়শার পোশাকে ছিল আধুনিকতার ছাপ। গ্রামের আর দশটা মেয়ের চেয়ে তাঁকে আলাদা লাগছিল।
গ্রামে এসে বাড়ি থেকে একটু দূরে গিয়েছিলেন আয়শা। এ সময় এক দল দুর্বৃত্ত তাঁকে ধরে নিয়ে ধর্ষণ করে। ঘটনা জানাজানি হলে গ্রামবাসী এমন একটা ভাব করল যেন কিছুই হয়নি।
তবে ছেড়ে দেওয়ার মানুষ আয়শা নন। তিনি এর বিরুদ্ধে আইনি লড়াই চালিয়ে গেলেন। শেষ পর্যন্ত জয়ীও হলেন।

এটি হলো ‘আয়শা’ নামের চলচ্চিত্রের গল্প। সম্প্রতি তাঞ্জানিয়ায় এ ছবিটি মুক্তি পায়। অলাভজনক স্থানীয় সংস্থা উজিকওয়াসা সত্যিকার কাহিনি অবলম্বনে এই ছবিটি নির্মাণ করে। তিন বছরের মধ্যে এটি তাদের প্রযোজিত তৃতীয় ছবি। তাঞ্জানিয়ার উত্তর-পূর্বে টাঙ্গা অঞ্চলের পাঙ্গানি এলাকায় সংস্থাটি ‘লিঙ্গ সমতা’ প্রতিষ্ঠায় পাঁচ বছর ধরে প্রচার চালিয়ে যাচ্ছে।
যেসব নারী ধর্ষণের শিকার হওয়ার পরও পরিবারের লজ্জা বা কলঙ্কের কথা ভেবে বিষয়টি চেপে যান, তাঁদের মনোযাতনা এই চলচ্চিত্রে ফুটিয়ে তোলা হয়েছে।
ছবিটি দেখার পর পাঙ্গানির বাসিন্দা রোকিয়া মাহমুদ রয়টার্সকে বলেন, ‘আপনি যদি ধর্ষণের শিকার হওয়ার পর এ বিষয়ে বলতে চান, তাহলে সবাই আপনার পাশে না দাঁড়িয়ে উল্টো আপনাকেই কথা শোনাবে। তাই ধর্ষণের শিকার হওয়া বেশির ভাগ নারী বিষয়টি চেপে যান। কেননা তাঁরা হাসির পাত্র হতে চান না।’

উজিকওয়াসার নির্মিত তিনটি ছবির অভিনয় শিল্পীরা এই পাঙ্গানি গ্রামেরই বাসিন্দা। সত্যিকারের ঘটনা অবলম্বনে এই ছবি তিনটি নির্মাণ করা হয়েছে। সংস্থার নির্বাহী পরিচালক ভেরা পাইরোথ রয়টার্সকে বলেন, ‘এই ছবির মধ্য দিয়ে আমরা আমাদের দর্শকদের নিজেদের গল্পের সঙ্গে পরিচয় করিয়ে দিতে চাই। যেন মনে হয় তারা নিজেদের আয়নায় নিজেদের দেখছে।’

তাঞ্জানিয়া ডেমোগ্রাফিক অ্যান্ড হেলথ সার্ভের এক হিসাবে দেখা যায়, সবচেয়ে বেশি যৌন নিপীড়নের ঘটনা ঘটে এই পাঙ্গানি এলাকায়। নারী অধিকার সংগঠনগুলোর দাবি, আইন প্রয়োগকারী সংস্থার অবহেলা, পুরুষবাদ ও নৈতিক অবক্ষয়ই এ পরিস্থিতির জন্য দায়ী।
সার্ভের এক হিসাবে দেখা যায়, ২০১০ সালে দেশটিতে ১৫ থেকে ৪৯ বছর বয়সী মেয়ে ও নারীদের ১০ শতাংশকে জীবনের প্রথম যৌন সংসর্গে লিপ্ত হতে হয়েছে তাঁদের ইচ্ছার বিরুদ্ধে। তাঁদের পাশাপাশি ৪৮ শতাংশ বিবাহিত নারী যৌন সহিংসতার শিকার হয়েছেন।
রোকিয়া মাহমুদ বলেন, যখন কেউ ধর্ষণের শিকার হয়, এর বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেওয়া হয় না। অনেক সময় অভিযোগ ওঠা ব্যক্তিদের গ্রেপ্তার করা হলেও তারা ছাড়া পেয়ে যায়।
তবে পাঙ্গানি শহরের বাসিন্দাদের ভাষ্য, নারীর অধিকার বিষয়ে সচেতনতা তৈরি করতে ‘আচরণ বদলাও’ শিরোনামে উজিকওয়াসা যে প্রচার চালাচ্ছে তারই অংশ এসব চলচ্চিত্র। আর এসব চলচ্চিত্রের মধ্য দিয়ে পরিস্থিতির অনেকটা উন্নতি হয়েছে। কেননা এসব চলচ্চিত্রে যৌন সহিংসতা দেখানোর পাশাপাশি এর হাত থেকে কীভাবে রেহাই পাওয়া যাবে—তাও দেখানো হয়।

উজিকওয়াসার নির্মিত প্রথম ছবির নাম ‘ফিমবো য়া বাবা’ বা ‘পিতার শাসনদণ্ড’। এই ছবির কাহিনি জোরপূর্বক বাল্যবিবাহ নিয়ে আবর্তিত হয়েছে। দ্বিতীয়টির নাম ‘চুকুয়া পিপি’ বা ‘মিষ্টি ছলনা’। একজন বয়স্ক ব্যক্তির দ্বারা এক স্কুলছাত্রীর যৌন হয়রানির ঘটনা নিয়ে এই ছবির গল্প।

রোকিয়া মাহমুদ বলেন, ‘“আয়শা” ছবিটি খুবই শিক্ষণীয়, আকর্ষণীয় ও উদ্দীপক। যখনই আমার অধিকার ক্ষুণ্ন হতে দেখি, তখন এর প্রতিবাদ করতে সাহস জোগায় এই ছবিটি।’
‘আয়শা’ এখন পাঙ্গানির গ্রাম-শহর ছাড়িয়ে পুরো দেশে দেখানো হচ্ছে। সংস্থাটির নির্বাহী পরিচালক বলেন, ‘আমাদের সমাজে এবং পৃথিবীজুড়ে প্রতিনিয়ত যে পাশবিক ঘটনা ঘটছে তার বিরুদ্ধে আর চুপ করে থাকা নয়, এটি এ ছবিতে দেখানো হয়েছে।’
তিনি বলেন, ‘আমরা দেখতে পাই খুব কম ক্ষেত্রেই এ ধরনের অপরাধে আইনের আশ্রয় চাওয়া হয়। কেননা ভুক্তভোগীরা লজ্জা ও কলঙ্কের ভয়ে এ নিয়ে কথা বলেন না। বাস্তবতা হলো এ ধরনের ঘটনার জন্য নারীদেরই বেশি দায়ী করা হয়। যেমন বলা হয় নারীর পোশাক-আশাক এ জন্য দায়ী। আর কর্তৃপক্ষ কোনো ধরনের পদক্ষেপ না নেওয়ায় অপরাধীরা অপকর্ম করার পরও নিজেদের নিরাপদ মনে করে।’