'গ্রেস মুগাবের অন্তর্বাস' কেলেঙ্কারি

জিম্বাবুয়ের ক্ষমতাসীন জানু-পিএফ পার্টির সমর্থকদের মধ্যে ‘ব্যবহৃত অন্তর্বাস’ বিতরণ করেছেন ফার্স্ট লেডি গ্রেস মুগাবে, এমন সংবাদ প্রকাশ করার ঘটনায় গ্রেপ্তার হলেন এক সাংবাদিক।
কেনেস নায়াঙ্গিনি নামের ওই সাংবাদিকের বিরুদ্ধে মানহানির মামলা করা হয়েছে বলে জানিয়েছেন তাঁর আইনজীবী। ওই সাংবাদিক তাঁর প্রতিবেদনে লেখেন, ফার্স্ট লেডি গ্রেস মুগাবের পক্ষে জানু-পিএফের এমপি ইসোহ মুপফুমি অন্তর্বাস বিতরণ করেছেন।
তবে নায়াঙ্গিনিকে গ্রেপ্তারের বিষয়ে আনুষ্ঠানিক কোনো বক্তব্য পাওয়া যায়নি।
ফার্স্ট লেডিকে অপমান করে প্রতিবেদন লেখা ও প্রকাশের অভিযোগে পূর্বাঞ্চলের শহর গুতারের পুলিশ গত সোমবার বিকেলে নায়াঙ্গিনিকে গ্রেপ্তার করে।
বেসরকারি ওই পত্রিকায় প্রতিবেদন প্রকাশ করা হয়, সাপ্তাহিক ছুটিতে এমপি মুপফুমি গুতারে অঞ্চলে জানু-পিএফের সমর্থকদের মাঝে কাপড় বিতরণ করেছেন। প্রতিবেদনে মুপফুমির বক্তব্য তুলে ধরা হয়। তিনি জনগণের উদ্দেশে বলেন, আমি ফার্স্ট লেডির সঙ্গে সাক্ষাৎ করেছি। তিনি এই কাপড়গুলো আমাকে দিয়েছেন, যাতে আমি আপনাদের এগুলো বিতরণ করতে পারি।
মুপফুমি বলেন, রাতের পোশাক, চটি, কাপড় রয়েছে এখানে। আসুন এবং এগুলো নিন। এগুলো আপনাদের ফার্স্ট লেডির পক্ষে দেওয়া হচ্ছে।
এএফপির বরাত দিয়ে বিবিসি জানায়, অর্থনৈতিক সংকটের কারণে জিম্বাবুয়েতে অনেক মানুষ ব্যবহৃত কাপড় কেনেন। এসব কাপড়ের মধ্যে পশ্চিমা দেশগুলোর ব্যবহৃত অন্তর্বাসও থাকে। এগুলো খুব সস্তায় মোজাম্বিক থেকে আমদানি করা হয়।
গ্রেস মুগাবে প্রেসিডেন্ট মুগাবের দ্বিতীয় স্ত্রী। এ বিষয়ে কোনো ভুল হয়নি বলে জানিয়েছেন তিনি।