'টুক-টুক' এবার আফ্রিকায়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
লাইবেরিয়ার রাস্তায় ‘টুক-টুক’ l এএফপি
লাইবেরিয়ার রাস্তায় ‘টুক-টুক’ l এএফপি

ভারতের মুম্বাই, ইন্দোনেশিয়ার জাকার্তা কিংবা থাইল্যান্ডের ব্যাংকক—কোথায় নেই ব্যস্ত পদচারণ! কোলাহলমুখর সড়ক দাপিয়ে বেড়ানো এশিয়ার অটোরিকশা ‘টুক-টুক’ এখন আফ্রিকায়। সেখানকার রাজপথে শোভা বাড়াচ্ছে রং-বেরঙের ত্রিচক্র যানটি। সঙ্গে জুটছে অনেকের কর্মসংস্থানও। কমছে সড়ক দুর্ঘটনা।
এই অটোরিকশা মোটরচালিত ট্যাক্সি ও অন্য মোটরযানের তুলনায় সহজে চালানোর উপযোগী ও দামে সস্তা। ভারত উপমহাদেশের যানবাহনে ঠাসা রাজধানী শহরগুলোর সড়কে এর সরব উপস্থিতি ক্রমেই যেন বাড়ছে। এই বাড়তি চাহিদার প্রভাব গিয়ে ঠেকেছে আফ্রিকাতে।
তানজানিয়া ও ইথিওপিয়ায় ‘বাজাজ’, মিসরে ‘টকটক’, নাইজেরিয়ায় ‘কেকে-মারওয়া’, সুদানে ‘রকশা’ নামের পরিচিতি গায়ে লাগিয়ে এখন লাইবেরিয়ায় ‘টুক-টুক’ নাম ধারণ করেছে অটোরিকশাটি। তবে যানটিতে চড়ার মজা পেয়ে দেশটির স্থানীয় বাসিন্দাদের কেউ কেউ এর নাম দিয়েছে ‘কেকেহ’।

বেপরোয়া চালনা ও দুর্ঘটনার উচ্চহারের কারণে ২০১৩ সালে লাইবেরিয়ার রাজধানী মনরোভিয়ায় নিষিদ্ধ করা হয় দুই চাকার যান মোটরসাইকেল। এর আগ পর্যন্ত সেখানকার গণপরিবহনের এক অবিচ্ছেদ্য অনুষঙ্গ হয়ে উঠেছিল যানটি। মোটরসাইকেলের বিরুদ্ধে নিষেধাজ্ঞা সেখানকার সড়কে টুক-টুকের চলার পথ সুগম করেছে।

লাইবেরিয়াসহ আফ্রিকার দেশের রাস্তায় দৃশ্যমান টুক-টুকের প্রধান জোগানদাতা ভারত ও চীন। এগুলোর পরিচালনার দায়িত্বে রয়েছেন মূলত নাইজেরিয়া ও গিনির নাগরিকেরা। অটোরিকশাগুলোর চালক হিসেবে তাঁরা নিয়োগ করছেন তরুণ লাইবেরীয়দের।

এশিয়া ছাপিয়ে আফ্রিকায় টুক-টুকের এই জনপ্রিয় হয়ে ওঠার কারণ সম্পর্কে বলছিলেন লাইবেরিয়ার মোটরসাইকেল ও ট্রাইসাইকেল অ্যাসোসিয়েশনের মহাসচিব জেনকিনস জেজে। তিনি বলেন, ‘এই যানটিকে বিশেষ গুরুত্বপূর্ণ করে তুলেছে যে বিষয়, তা হলো আমাদের দেশের পরিবহন খাত এখন বিরাট চ্যালেঞ্জের সম্মুখীন। রাজধানীর কেন্দ্র দিয়ে মোটরসাইকেলের অবাধ বিচরণ অতীত হয়ে গেছে। বিকল্প পথ খুঁজতে হয়েছে আমাদের। বের করতে হয়েছে তরুণদের কর্মসংস্থানের সুযোগও।’

টুক-টুকের পরিচালনাকারীরা বলছেন, মহাসড়কে চলাচলের কড়া নিয়মকানুন মেনেই তিন চাকার এই যান আফ্রিকার সড়কে নামিয়েছেন তাঁরা। তা ছাড়া এর যাত্রীসংখ্যাও নির্দিষ্ট সংখ্যায় সীমাবদ্ধ রাখা হয়েছে। যার ফলস্বরূপ নাটকীয়ভাবে কমে গেছে সড়ক দুর্ঘটনার হার। এর গতি মোটরসাইকেল বা ট্যাক্সির মতো যানের তুলনায় কম। আর ধাতব ফ্রেমের কাঠামো থাকায় তা যাত্রীদের সুরক্ষাও দেয় বেশি।

লাইবেরিয়ায় জাতীয় পুলিশের হিসাব অনুযায়ী, মোটরসাইকেলের ওপর নিষেধাজ্ঞা আরোপ ও টুক-টুকের আবির্ভাবের পর দেশটির রাস্তায় দুর্ঘটনার হার ৯০ শতাংশ কমে গেছে।