'মানব বোমা'য় শিশুর ব্যবহার বাড়িয়েছে বোকো হারাম

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

উত্তর-পূর্ব নাইজেরিয়ায় ‘মানব বোমা’ হিসেবে শিশুদের ব্যবহার উল্লেখযোগ্য হারে বাড়িয়ে দিয়েছে জঙ্গি সংগঠন বোকো হারাম। জাতিসংঘ এ কথা জানিয়েছে।

জাতিসংঘ শিশু তহবিলের এক প্রতিবেদনে বলা হয়েছে, এ বছর ৮৩টি শিশুকে এ কাজে ব্যবহারের খবর পাওয়া গেছে, যা গত বছরের চেয়ে চার গুণ বেশি। এই শিশুদের মধ্যে ৫৫টির বয়স ১৫ বছরের কম এবং তারা মেয়েশিশু।

জাতিসংঘের শিশু সংস্থার হিসাব অনুযায়ী, উত্তর-পূর্ব নাইজেরিয়ায় ২০১৪ সাল থেকে ১২৭টি শিশুকে মানব বোমা হিসেবে ব্যবহার করা হয়েছে। নাইজেরিয়ায় শিশু অপহরণের ঘটনা সম্প্রতি ব্যাপকভাবে বেড়ে গেছে। যার নেপথ্যে রয়েছে বোকো হারাম। বোকো হারাম অপহৃত শিশুদের তাদের আস্তানায় নিয়ে গিয়ে জঙ্গি প্রশিক্ষণ দেয়। তারপর তারা শরীরে বোমা বেঁধে দেওয়া হয়। ২০০২ সালে নাইজেরিয়ার বোরনো রাজ্যের রাজধানী মাইদুগুরিতে জন্ম নেওয়া বোকো হারাম আন্তর্জাতিক সন্ত্রাসবাদী হিসেবে চিহ্নিত আল-কায়েদার সহযোগী সংগঠন। এই সংগঠনটি তাদের জঙ্গি তৎপরতার কাজে প্রায়ই শিশুদের ব্যবহার করে থাকে। এ কারণে তারা বিভিন্ন স্কুলের শত শত মেয়েশিশুকে অপহরণ করে এবং ছেলেদের জোরপূর্বক ধরে এনে সৈন্যের কাজ করায়।