হঠাৎ ইসরায়েল সফরে আব্বাস
হঠাৎ ইসরায়েল সফর করেছেন ফিলিস্তিনের নেতা মাহমুদ আব্বাস। সফরকালে স্থানীয় সময় গতকাল মঙ্গলবার ইসরায়েলি প্রতিরক্ষামন্ত্রী বেনি গান্তজের সঙ্গে দেখা করেন তিনি। ইসরায়েলি প্রতিরক্ষা মন্ত্রণালয় বলছে, নিরাপত্তা ও নাগরিক ইস্যুতে তাঁদের মধ্যে আলোচনা হয়েছে। খবর এএফপির।
ইসরায়েলি প্রতিরক্ষা মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, দেশটির প্রতিরক্ষামন্ত্রী গান্তজ আব্বাসকে জানান, অর্থনৈতিক ও সামাজিক ইস্যুতে আস্থার ভিত্তিতে কাজ করতে চান তিনি। ইসরায়েলের কেন্দ্রে গান্তজের বাড়ি রোশ হায়াইনে এই আলোচনা অনুষ্ঠিত হয়।
গত আগস্ট মাসের শেষে প্রথমবারের মতো ফিলিস্তিন সরকারের সদর দপ্তরে আব্বাসের সঙ্গে আলোচনা করেন গান্তজ। গত কয়েক বছরের মধ্যে দুই দেশের নেতার মধ্যে এই প্রথম এ ধরনের আনুষ্ঠানিক বৈঠক হয়েছে। ওই আলোচনার পর ইসরায়েলি প্রধানমন্ত্রী নাফতালি বেনেত বলেন, ফিলিস্তিনিদের সঙ্গে কোনো শান্তি আলোচনা হয়নি।
গতকালের বৈঠকের পর আজ বুধবার ফিলিস্তিনের সিভিল অ্যাফেয়ার্সবিষয়ক মন্ত্রী হুসেন আল শেখ টুইটে জানান, রাজনৈতিক সংকটের সমাধান ইস্যুতে আব্বাস ও গান্তজের মধ্যে আলোচনা হয়েছে। দুই নেতা ইহুদি বসতি সম্প্রসারণের কাজে সৃষ্ট উত্তেজনাকর পরিস্থিতি নিয়েও আলোচনা করেছেন। দুই নেতার মধ্যে নিরাপত্তা, অর্থনীতি ও মানবিক ইস্যু নিয়ে আলোচনা হয়েছে।
ইসরায়েলের বিরোধী রাজনৈতিক দল লিকুদ পার্টি এক বিবৃতিতে জানিয়েছে, ফিলিস্তিনি নেতা মাহমুদ আব্বাসের সঙ্গে এ ধরনের বৈঠক ইসরায়েলের জন্য বিপজ্জনক হতে পারে। সাম্প্রতিক কয়েক বছরে ইসরায়েল অধিকৃত পশ্চিম তীরকে ঘিরে ইসরায়েল ও ফিলিস্তিনের মধ্যে উত্তেজনা বেড়েছে।
লিকুদ পার্টির নেতা বেনিয়ামিন নেতানিয়াহু ২০০৯ থেকে ২০২১ সাল পর্যন্ত প্রধানমন্ত্রী থাকাকালে ২০১৪ সালে শান্তি আলোচনার প্রক্রিয়া স্থগিত করেন। পশ্চিম তীরে তিনি ইহুদি বসতি সম্প্রসারণের কাজ শুরু করেন।