এবার ভারতের দুই ব্র্যান্ডের মসলা নিষিদ্ধ করল নেপাল

ভারতের একটি দোকানে এমডিএইচ ও এভারেস্টের মসলাফাইল ছবি: রয়টার্স
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভারতের এমডিএইচ ও এভারেস্টের মসলা আমদানি, বিক্রি, ব্যবহারের ওপর নিষেধাজ্ঞা জারি করেছে নেপাল।

নেপালের খাদ্যপ্রযুক্তি ও মান নিয়ন্ত্রণ বিভাগ এই নিষেধাজ্ঞা দিয়েছে বলে দেশটির এক কর্মকর্তা ভারতীয় বার্তা সংস্থা এএনআইকে নিশ্চিত করেছেন। তিনি আরও বলেছেন, ভারতের এই দুই ব্র্যান্ডের মসলায় ইথিনাল অক্সাইডের মাত্রা যাচাইয়ে পরীক্ষা-নিরীক্ষা শুরু করেছে নেপালি কর্তৃপক্ষ।

এমডিএইচ ও এভারেস্টের মসলায় উচ্চ মাত্রার ইথিনাল অক্সাইডের উপস্থিতি শনাক্তের খবর সামনে আসার প্রেক্ষাপটে এই পদক্ষেপ নিল নেপাল।

নেপালের খাদ্যপ্রযুক্তি ও মান নিয়ন্ত্রণ বিভাগের মুখপাত্র মোহন কৃষ্ণ মহার্জন বলেন, তাঁর দেশে এমডিএইচ ও এভারেস্ট ব্র্যান্ডের মসলা আমদানি নিষিদ্ধ করা হয়েছে। এই দুই ব্র্যান্ডের মসলায় ক্ষতিকর রাসায়নিক পাওয়ার খবরের পর তাঁরা এমন পদক্ষেপ নিয়েছেন। তাঁরা এক সপ্তাহ আগেই এই মসলা আমদানির ওপর নিষেধাজ্ঞা জারি করেন। তাঁরা বাজারে এই মসলা বিক্রিও নিষিদ্ধ করেছেন।

মোহন কৃষ্ণ আরও বলেন, এই দুটি ব্র্যান্ডের মসলায় রাসায়নিকের উপস্থিতির বিষয়ে পরীক্ষা চলছে। পরীক্ষার চূড়ান্ত প্রতিবেদন না আসা পর্যন্ত নিষেধাজ্ঞা বহাল থাকবে। হংকং ও সিঙ্গাপুর ইতিমধ্যে এই মসলা নিষিদ্ধ করেছে। দেশ দুটির এমন পদক্ষেপের পর তাঁরা ব্যবস্থা নিলেন।

বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়, ইথিনাল অক্সাইড মানবদেহের জন্য অস্বাস্থ্যকর। এটি দীর্ঘদিন শরীরে গেলে ক্যানসারের ঝুঁকি তৈরি হয়।

ভারতীয় প্রতিষ্ঠান দুটির তৈরি মসলা ভারতসহ বিশ্বজুড়ে বেশ জনপ্রিয়। ভারত বিশ্বের বৃহত্তম মসলা প্রস্তুতকারক দেশ। ভারত মসলার বৃহত্তম রপ্তানিকারক দেশও বটে।

আরও পড়ুন