মিয়ানমার ছাড়ার চেষ্টা করা ১১২ রোহিঙ্গাকে কারাদণ্ড দিলেন দেশটির আদালত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
দীর্ঘদিন ধরে মিয়ানমারের সেনাবাহিনীর দমন–পীড়নের শিকার হয়ে আসছে রোহিঙ্গারা
ফাইল ছবি: প্রথম আলো

মিয়ানমার ছেড়ে পালানোর চেষ্টার অভিযোগে ১১২ রোহিঙ্গাকে কারাদণ্ড দেওয়া হয়েছে। ৬ জানুয়ারি দেশটির দক্ষিণাঞ্চলের আয়েইয়ারওয়াদি অঞ্চলের বোগালে শহরের একটি আদালত এ রায় দেন। আজ মঙ্গলবার মিয়ানমারের একটি সংবাদমাধ্যমের বরাতে এ তথ্য জানিয়েছে আল–জাজিরা।

সাজা পাওয়া রোহিঙ্গাদের গত ডিসেম্বরে একটি নৌকা থেকে গ্রেপ্তার করা হয়। তাঁদের মধ্যে ১২টি শিশু রয়েছে। শিশুদের মধ্যে ১৩ বছরের কম বয়সী ৫ জনকে ২ বছর করে সাজা দেওয়া হয়েছে। এর বেশি বয়সী বাকি শিশুদের তিন বছর করে সাজা ভোগ করতে হবে। গতকাল সোমবার তাদের একটি ‘যুব প্রশিক্ষণকেন্দ্রে’ পাঠানো হয়েছে। আর গ্রেপ্তার হওয়া প্রাপ্তবয়স্ক রোহিঙ্গাদের সবাইকে পাঁচ বছর করে কারাদণ্ড দেওয়া হয়েছে।

সংখ্যালঘু রোহিঙ্গাদের নাগরিক হিসেবে স্বীকৃতি দেয়নি মিয়ানমার। এমনকি তাদের মৌলিক অধিকারগুলো থেকেও বঞ্চিত করা হয়। বেশ কয়েক বছর ধরে নির্যাতন–নিপীড়নের মুখে মিয়ানমার ছাড়ছে রোহিঙ্গারা। তাদের বেশির ভাগই রয়েছে প্রতিবেশী বাংলাদেশের বিভিন্ন শরণার্থীশিবিরে।

এ ছাড়া সাগর পাড়ি দিয়ে অনেক রোহিঙ্গা ইন্দোনেশিয়া ও মালয়েশিয়ায় আশ্রয় নেন। গত রোববারই নৌকায় করে ইন্দোনেশিয়ার বান্দা আচেহ প্রদেশের উপকূলে পৌঁছান এমন ১৮৫ জন। জাতিসংঘের শরণার্থীবিষয়ক সংস্থা ইউএনএইচসিআরের তথ্য অনুযায়ী, ২০২১ সালের চেয়ে রোহিঙ্গাদের সাগর পাড়ি দেওয়াটা ২০২২ সালে ছয় গুণ বেড়েছে।

এদিকে সাগর পাড়ি দিতে গিয়ে দুর্ঘটনার কবলে পড়ে রোহিঙ্গাদের মৃত্যুর ঘটনাও কম নয়। ইউএনএইচসিআর বলছে, প্রায় এক দশকের মধ্যে ২০২২ সালে সাগরে সবচেয়ে বেশি রোহিঙ্গার মৃত্যু হয়েছে।

আরও পড়ুন