ইশিবার জোট সরকারকে শায়েস্তা করতে পারেন জাপানের ভোটারেরা

জাপানের প্রধানমন্ত্রী শিগেরু ইশিবা। ২৬ অক্টোবর ২০২৪ছবি: রয়টার্স
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জাপানের ভোটারেরা আজ রোববার দেশটির প্রধানমন্ত্রী শিগেরু ইশিবা সরকারের ভাগ্য নির্ধারণ করছেন।

আর্থিক কেলেঙ্কারি ও মূল্যস্ফীতির জন্য ইশিবার জোট সরকরকে দেশটির ভোটাররা শায়েস্তা করতে পারেন বলে ধারণা করা হচ্ছে।

আজকের নির্বাচনের মধ্য দিয়ে জাপানে ইশিবার লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) এক দশকের আধিপত্য শেষ হতে পারে।

জনমত জরিপ বলছে, ক্ষমতাসীন এলডিপি ও তার দীর্ঘদিনের অংশীদার কোমেইতো ভোটারদের কাছ থেকে ক্ষুব্ধ জবাব পেতে পারে। ক্ষমতাসীন এই জোট সম্ভবত পার্লামেন্টের নিম্নকক্ষে সংখ্যাগরিষ্ঠতা হারাবে।

জাপানের সাধারণ নির্বাচনে ভোট দিচ্ছেন এক ব্যক্তি। ২৭ অক্টোবর ২০২৪
ছবি: রয়টার্স

জাপানে জীবনযাত্রার ব্যয় বেড়ে চলছে। অন্যদিকে প্রতিবেশী চীনের সঙ্গে সম্পর্কের উত্তেজনাও বাড়ছে। এমন প্রেক্ষাপটে জাপানের পার্লামেন্টের নিম্নকক্ষের নির্বাচন হচ্ছে আজ।

মাত্র এক মাস আগেই প্রধানমন্ত্রীর দায়িত্ব নেন ইশিবা। পরে তিনি নিম্নকক্ষ ভেঙে দেন। এ কারণে জাপানে আগাম নির্বাচন হচ্ছে।

নিম্নকক্ষের আসনসংখ্যা ৪৬৫। ভেঙে দেওয়ার আগে নিম্নকক্ষে এলডিপি-কোমেইতোর সম্মিলিত আসনসংখ্যা ছিল ২৮৮।

নির্বাচনে সংখ্যাগরিষ্ঠতা বজায় রাখতে হলে এই দুই দলের মোট ২৩৩টি আসনে জয়লাভ করতে হবে।

কিন্তু জনমত জরিপ এই জোটের সংখ্যাগরিষ্ঠতা হারানোর আভাস দিচ্ছে। আশাহি শিমবুন পত্রিকার করা জরিপ বলছে, এলডিপি ৫০টি আসন হারাতে পারে। আগে দলটির আসন ছিল ২৪৭টি। আর কোমেইতোর আসনসংখ্যা ৩০–এর নিচে চলে যেতে পারে। ফলে সংখ্যাগরিষ্ঠতার জন্য প্রয়োজনীয় আসন না–ও পেতে পারে জোটটি।

জাপানের সাধারণ নির্বাচনে ভোট দিচ্ছেন এক নারী। ২৭ অক্টোবর ২০২৪
ছবি: রয়টার্স

তবে এলডিপি ক্ষমতা হারাবে—এমন পূর্বাভাস কোনো জরিপ দেয়নি।

নিম্নকক্ষে সংখ্যাগরিষ্ঠতা হারালে ইশিবা অন্য ছোট দলগুলোর সঙ্গে ক্ষমতা ভাগাভাগি নিয়ে আলোচনা করতে বাধ্য হবেন। সে ক্ষেত্রে জোট সরকারের কিছু নীতিগত বিষয়ে অনিশ্চয়তা তৈরি হতে পারে।

দেশটির কেন্দ্রীয় ব্যাংক ধীরে ধীরে সুদহার বাড়াতে চায়। এই প্রেক্ষাপটে ইশিবা যদি এমন কোনো অংশীদার বেছে নেন, যেটি শূন্যের কাছাকাছি সুদহার বজায় রাখার পক্ষপাতী, তাহলে রাজনৈতিক কোন্দল তৈরি হতে পারে। এই কোন্দল বাজারকে অস্থির করে তুলতে পারে। বিষয়টি ব্যাংক অব জাপানের (কেন্দ্রীয় ব্যাংক) জন্য মাথাব্যথার কারণ হতে পারে।

জাপানের কান্দা ইউনিভার্সিটি অব ইন্টারন্যাশনাল স্টাডিজের জাপানি রাজনীতির বিশেষজ্ঞ জেফরি হল বলেন, সংখ্যাগরিষ্ঠতা হারালে ইশিবা নেতা হিসেবে যথেষ্ট দুর্বল হয়ে পড়বেন। তাঁর দল যে নীতিগুলোয় বিশেষভাবে গুরুত্ব দিতে চায়, সেগুলো বাস্তবায়নের ক্ষেত্রে দুর্বল হয়ে পড়বে। কারণ, জোটে অংশীদার আনার ফলে সেই দলের সঙ্গে তাদের বিভিন্ন বিষয়ে আপস করতে হবে, সে যে দলই হোক না কেন।