অর্ধনগ্ন ছবি তুলে বালি থেকে বিতাড়িত হলেন পর্যটক
ইন্দোনেশিয়ার বালি দ্বীপে পাহাড়ের ওপর অর্ধনগ্ন অবস্থায় তোলা নিজের একটি ছবি পোস্ট করেছিলেন রাশিয়ার এক পর্যটক। এ নিয়ে তাঁকে খেসারতও দিতে হয়েছে। তাঁকে বালি থেকে বিতারিত করা হয়েছে।
বালির সর্বোচ্চ শৃঙ্গ মাউন্ট আগুংয়ে ছবিটি তোলার সময় এই ব্যক্তির গায়ে ছিল ফুলহাতা হুডি আর প্যান্ট ছিল হাঁটুর নিচ পর্যন্ত নামিয়ে রাখা। দ্বীপটির হিন্দু সম্প্রদায়ের বিশ্বাস, এই শৃঙ্গে ঈশ্বর থাকেন।
২৪ বছর বয়সী সেই রুশ নাগরিক সামাজিক যোগাযোগমাধ্যমে নিজের নাম ইউরি চিলিকিন লিখেছেন।
বালির অভিবাসন দপ্তর আজ বুধবার এক বিবৃতিতে জানিয়েছে, গতকাল মঙ্গলবার দুবাই হয়ে তাঁকে মস্কোতে ফেরত পাঠানো হয়। এবং আগামী ছয় মাস তিনি ইন্দোনেশিয়ায় আসতে পারবেন না।
গত মাসে যখন ওই ছবি প্রকাশ হয়, তখন চিলিকিনকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হয়। এরপর তিনি ক্ষমা প্রার্থনা করেন ও পাহাড়ের সামনে একটি শুদ্ধি অনুষ্ঠানে তাঁকে অংশ নিতে বাধ্য করা হয়।
চিলিকিন গত সোমবার সেই অনুষ্ঠানের ছবি ইনস্টাগ্রামে পোস্ট করে সেখানে লিখেছেন, ‘পরিস্থিতি স্বাভাবিক করতে আমি সব করেছি,’ এবং ‘কেমন আচরণ করা উচিত এটি তাঁর ভালো শিক্ষা’।
সাম্প্রতিক সপ্তাহগুলোতে বালিতে পর্যটকদের মধ্যে নিয়ম ভাঙার অভিযোগ পাওয়া যাচ্ছে। তাঁদের অনেকেই রুশ নাগরিক। বালির অধিবাসীদের অনেকেই সামাজিক যোগাযোগমাধ্যমে এ নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন।
বালির গভর্নর ওয়েয়ান কোস্টার গত মাসে ইন্দোনেশিয়ার সরকারকে এক চিটি পাঠান। সেখানে তিনি রাশিয়ান ও ইউক্রেনিয়ান নাগরিকদের জন্য অন-অ্যারাইভ্যাল ভিসা সুবিধা সরিয়ে নিতে অনুরোধ জানান।
গত বছর মাউন্ট বাতুরে এক কানাডিয়ান অভিনেতার নগ্ন ছবির ভিডিও ভাইরাল হলে তাঁকেও ফেরত পঠানো হয়েছিল।
আজ অভিবাসন কর্মকর্তা ব্যারন ইচসান বলেন, ‘দয়া করে আপনারা বালিতে নিয়মনীতির মধ্যে থেকে প্রকৃতির সৌন্দর্য উপভোগ করুন। আপনি যদি নিয়ম ভাঙেন, তাহলে কঠোর পদক্ষেপ নিতে এতটুকু দ্বিধা থাকবে না।’