হংকংয়ে গণতন্ত্রপন্থী নেতা বেনি তাইসহ ৪৫ জনকে কারাদণ্ড

‘হংকং স্বাধীন করো’ স্লোগান দেওয়া হংকংয়ের জাতীয় নিরাপত্তা আইনে শাস্তিযোগ্য অপরাধপ্রতীকী ছবি: রয়টার্স
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

হংকংয়ের সবচেয়ে আলোচিত–সমালোচিত জাতীয় নিরাপত্তাসংক্রান্ত মামলায় গণতন্ত্রপন্থী আন্দোলনের প্রভাবশালী নেতাসহ মোট ৪৫ জন অধিকারকর্মীকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেওয়া হয়েছে। আজ মঙ্গলবার হংকংয়ের একটি আদালত এ আদেশ দেন।

এর মধ্যে বেনি তাইকে ১০ বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে। ৬০ বছর বয়সী বেনি তাই একজন আইন বিশেষজ্ঞ। ২০১৪ ও ২০১৯ সালে হংকংয়ের গণতন্ত্রপন্থীদের আন্দোলনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিলেন তিনি।

আরও পড়ুন

দীর্ঘ বিচারপ্রক্রিয়ায় সরকারি কৌঁসুলি বেনি তাইকে ষড়যন্ত্রের ‘সংগঠক’ হিসেবে উল্লেখ করেছিলেন। অভিযোগ ছিল, বেনি তাই ২০২০ সালের জুলাইয়ে ষড়যন্ত্রের উদ্দেশ্যে অধিকারকর্মী ও রাজনীতিবিদদের একত্র করেছিলেন।

আরও ৪৪ জন গণতন্ত্রপন্থী অধিকারকর্মীকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দিয়েছেন আদালত। তাঁরা বিদ্রোহের চেষ্টার জন্য ষড়যন্ত্র করায় দোষী সাব্যস্ত হয়েছেন। কৌঁসুলিদের অভিযোগ, এসব ব্যক্তি হংকংয়ে ‘সরকার উৎখাতের’ নীলনকশা করেছিলেন। দুজনকে খালাস দেওয়া হয়েছে।

আরও পড়ুন

২০২১ সালের মার্চে এ মামলার কার্যক্রম শুরু হয়েছিল। অভিযুক্ত ব্যক্তিদের অনেককেই জামিন অযোগ্য ধারায় আটক রাখা হয়েছিল। অনেকে দীর্ঘদিন রিমান্ডে ছিলেন।

এর আগে ২০২১ সালের জানুয়ারিতে হংকংয়ের জাতীয় নিরাপত্তা পুলিশ বিশেষ অভিযান চালিয়ে ৪৭ জনকে গ্রেপ্তার করে। আদালতে বেনি তাইসহ ৩১ জন দোষ স্বীকার করে নেন।

বিবিসি জানিয়েছে, সাজাপ্রাপ্ত ব্যক্তিদের মধ্যে হংকংয়ের প্রভাবশালী অধিকারকর্মী জোশুয়া অং রয়েছেন।

আরও পড়ুন