ইমরানের সঙ্গে কি ন্যায়বিচার করা হয়েছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) ভাইস চেয়ারম্যান শাহ মেহমুদ কোরেশি
ফাইল ছবি: এএফপি

পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) চেয়ারম্যান ইমরান খানকে তোশাখানা মামলায় তিন বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে। তাঁকে গ্রেপ্তারের বিষয়টি প্রত্যাখ্যান করেছেন দলের ভাইস চেয়ারম্যান শাহ মেহমুদ কোরেশি। তিনি বলেন, এই বিচারিক আদালতের দেওয়া ‘অত্যন্ত ভয়ের’ এই সাজা সরকারের ফরমায়েশি ও পূর্বপরিকল্পিত। এ রায়ের বিরুদ্ধে তাঁরা উচ্চ আদালতে আপিল করবেন বলেও জানান কোরেশি।

জিও টিভির সঙ্গে আলাপকালে কোরেশি বলেন, ‘আমি আদালতের এ রায় প্রত্যাখ্যান করছি। আমার বিশ্বাস, এ রায় রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত ও পূর্বপরিকল্পিত।’

পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও পিটিআইয়ে নেতা ইমরান খানকে শনিবার ইসলাবামাদের একটি আদালতে তোশাখানা মামলার তিন বছরের কারাদণ্ড দেওয়া হয়। একই সঙ্গে তাঁকে এক লাখ পাকিস্তানি রুপি জরিমানা করা হয়। রায়ের পরপরই তাঁকে লাহোরের বাড়ি জামান পার্ক থেকে গ্রেপ্তার করা হয়। ৯ মের পর শনিবার দ্বিতীয়বারের মতো গ্রেপ্তার হলেন ইমরান।

ইমরান খানের আগের বক্তব্যের বরাত দিয়ে কোরেশি বলেন, চেয়ারম্যান ইমরান আগেই বলেছিলেন, তাঁকে গ্রেপ্তার করতে বিচার বিভাগ মনস্থির করেই আছেন। তাঁরা (আদালত) তাঁকে নির্বাচনের অযোগ্য ঘোষণা করতে বদ্ধপরিকর।

কোরেশি দলের প্রধানকে গ্রেপ্তার করায় উদ্বেগ প্রকাশ করেছেন। তিনি বিচার বিভাগের প্রতি প্রশ্ন রেখে বলেন, ৭০ বছর বয়সী ইমরান খানের সঙ্গে কি ন্যায়বিচার করা হয়েছে?
সংবিধানের আর্টিকেল ১০(১)-এর কথা উল্লেখ করে কোরেশি বলেন, প্রত্যেক নাগরিক ন্যায়বিচারে সুযোগ পাবেন। তিনি জানতে চান, যখন ইমরান খানের বিচার হয়, তখন কি এই মানদণ্ড পূরণ হয়েছিল?

আদালতের বিচারপ্রক্রিয়া সম্পর্কে ৬৭ বছর বয়সী এই নেতা আরও বলেন, ন্যায়বিচারের মানদণ্ড মানে হলো নিরপেক্ষতা এবং পর্যাপ্ত প্রতিনিধিত্ব, সাক্ষী উপস্থাপন—এগুলো কি তাঁর দলের প্রধানকে দেওয়া হয়েছিল?

পিটিআইয়ের এই নেতা বলেন, পুরো বিচার বিভাগে বিচারক হুমায়ুন দিলাওয়ার ছাড়া কি আর কেউ ছিলেন না, যিনি বা যাঁরা ন্যায়বিচারের মানদণ্ড পূরণ করতে পারেন?
পিটিআইয়ের ভাইস চেয়ারম্যান মনে করেন, মামলাগুলো বারবার ট্রায়াল কোর্টে পাঠানো হয়েছে এমন প্রত্যাশা থেকে যে একই রকম রায় আসবে।

আরও পড়ুন

কোরেশি বলেন, ইমরান খান যখন ইতিমধ্যেই বিচার বিভাগের প্রতি অনাস্থা প্রকাশ করেছেন এবং বিচার বিভাগ তাঁকে দণ্ডিত করার মনস্থির করে আছেন, এমন ইঙ্গিত দিয়েছেন, তখন কি ন্যায়বিচারের স্বার্থে বিচারকের নিজেকে প্রত্যাহার করা উচিত ছিল না?

পিটিআইয়ের নেতা বলেন, ভেবে দেখতে হবে, কেন এত তাড়াহুড়ো করে এই সিদ্ধান্ত নেওয়া হলো এবং সপ্তাহান্তে রায় ঘোষণা করা হলো।

সাবেক পররাষ্ট্রমন্ত্রী কোরেশি দাবি করেন, উদ্বেগের বিষয় হলো, রায় ঘোষণার হলো, সেটা টেলিভিশনে মাত্র প্রচারিত হলো আর সঙ্গে সঙ্গে জামান পার্কে (ইমরানের বাসভবন) এসে পুলিশ হাজির। তার মানে কি পুলিশকে আগে থেকেই রায়ের বিষয়ে জানানো হয়েছিল?

কোরেশি বলেন, আরেকটি বিষয় হচ্ছে, কী এমন ঘটল যে ইমরানকে গ্রেপ্তার করতে তাঁর বাড়ির ফটক ভাঙার দরকার হয়ে পড়ল?

পিটিআইয়ের নেতা বলেন, পুলিশ কাউকে ধরতে গেলে ওই ব্যক্তি প্রথমে গ্রেপ্তারি পরোয়ানা দেখতে চান, এরপর নিজেকে পুলিশের হাতে তুলে দেন। ইমরানের ক্ষেত্রেও তাঁদের গ্রেপ্তারি পরোয়ানা দেখানো প্রয়োজন ছিল। যাতে তিনিও তাঁর প্রয়োজনীয় জিনিস গুছিয়ে নিতে মানসিক প্রস্তুতির সময় পেতেন।

আরও পড়ুন

এই রায় প্রত্যাখ্যান করে পিটিআইয়ের নেতা বলেন, ন্যায়বিচারের সব শর্ত পূরণ হয়নি। উচ্চ আদালতে পিটিআই এই রায়কে চ্যালেঞ্জ করবে।

কোরেশি বলেন, ‘সব আইনি উপায় ব্যবহার করে আমরা ইমরান খানকে রক্ষা করব। পরবর্তী পদক্ষেপ কী হবে, দলের নীতিনির্ধারণী কমিটির বৈঠকে সেই সিদ্ধান্ত হবে। আদালতের এ সিদ্ধান্ত আমি মর্মাহত। একই সঙ্গে অবাক হয়েছি যে আমরা কোথায় পৌঁছেছি।’

কোরেশি বলেন, ‘আমরা উচ্চ আদালতে গিয়েছিলাম। কিন্তু আমাদের প্রতিনিধিত্ব ও আত্মপক্ষ সমর্থন করার সুযোগ দেওয়া হয়নি। আমরা যেখানেই পারি, বিচার বিভাগের দরজায় কড়া নাড়ব...এবং জাতি তা দেখছে।’

আরও পড়ুন