মিয়ানমারে গণতন্ত্রপন্থী যোদ্ধাদের বিরুদ্ধে ১৫ জনকে হত্যার অভিযোগ জান্তার
মিয়ানমারের সাগাইং অঞ্চলের একটি গ্রামে গণতন্ত্রপন্থী পিপলস ডিফেন্স ফোর্সেসের (পিডিএফ) যোদ্ধাদের হামলায় বেসামরিক ১৫ জন নিহত হয়েছেন বলে দাবি করেছে দেশটির সামরিক বাহিনী। গত বুধবার ভোর চারটার দিকে ওই হামলা চালানো হয়। তবে পিএফডি বলছে, নিহত সবাই মিয়ানমারের সামরিক বাহিনীপন্থী যোদ্ধা। বেসামরিক কেউ নিহত হননি।
মিয়ানমার সরকার পরিচালিত সংবাদমাধ্যম ‘মিয়ানমার আলিন’ গতকাল বৃহস্পতিবার এক প্রতিবেদনে জানিয়েছে, এনউই টুইন নামের ওই গ্রামে মর্টার হামলা চালান পিডিএফের যোদ্ধারা। এতে বেসামরিক ১৫ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন সাতজন। তাঁদের মধ্যে তিনজন বৌদ্ধ সন্ন্যাসী রয়েছেন।
২০২১ সালের ফেব্রুয়ারিতে মিয়ানমারের সামরিক বাহিনী অং সান সু চির নির্বাচিত সরকারকে উৎখাত করে ক্ষমতা দখল করে। এর পর থেকেই দেশজুড়ে জান্তা সরকারের বিরুদ্ধে চলছে বিক্ষোভ। অনেক স্থানেই হাতে অস্ত্র তুলে নিয়েছেন বিদ্রোহীরা। বেশ কয়েকটি ক্ষুদ্র জাতিগোষ্ঠে সশস্ত্র যোদ্ধাদের সঙ্গে হাত মিলিয়ে জান্তা বাহিনীর বিরুদ্ধে লড়ছেন পিডিএফের যোদ্ধারা।
এসব গোষ্ঠী ও যোদ্ধাদের ঠেকাতে মিয়ানমারের প্রত্যন্ত অঞ্চলগুলো একের পর এক অভিযান চালিয়ে আসছে সামরিক বাহিনী। এসব অভিযানে পুড়িয়ে দেওয়া হয়েছে বহু গ্রাম। ফলে হাজার হাজার বেসামরিক মানুষকে তাঁদের আবাসস্থল ছেড়ে যেতে হয়েছে।
এদিকে বুধবার ভোরে হামলার বিষয়ে পিডিএফের এক যোদ্ধা পরিচয় না প্রকাশ করার শর্তে জানিয়েছেন, হামলার সময় ওই গ্রাম থেকে শিশু ও বৃদ্ধদের সরিয়ে নিয়েছিলেন তাঁরা। নিহত সবাই মিয়ানমারের সামরিক বাহিনীপন্থী যোদ্ধা। বেসামরিক কেউ নিহত হননি।
পর্যবেক্ষক গোষ্ঠী অ্যাসিস্ট্যান্স অ্যাসোসিয়েশন ফর পলিটিক্যাল প্রিজনারসের দেওয়া তথ্য অনুযায়ী, জান্তা সরকার ক্ষমতায় আসার পর থেকে বেসামরিক ৩ হাজার ৭৫০ জনকে হত্যা করেছেন মিয়ানমারের নিরাপত্তা বাহিনীর সদস্যরা। এ সময় গ্রেপ্তার করা হয়েছে প্রায় ২৪ হাজার জনকে।