শ্রীলঙ্কায় বিদ্যুতের দাম বাড়ল ২৭৫ শতাংশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
অর্থনীতিক সংকটে পড়ে শ্রীলঙ্কায় দেখা বিদ্যুতের তীব্র ঘাটতি
ফাইল ছবি: রয়টার্স

শ্রীলঙ্কায় ভোক্তাপর্যায়ে বিদ্যুতের দাম ২৭৫ শতাংশ পর্যন্ত বাড়ানো হয়েছে। আজ বৃহস্পতিবার দেশটির সরকার এ তথ্য জানিয়েছে। এ নিয়ে গত কয়েক মাসের মধ্যে শ্রীলঙ্কায় বিদ্যুতের দাম দ্বিতীয় দফায় বাড়ানো হলো। চরম অর্থনৈতিক সংকটের মধ্যে আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) ঋণসহায়তা বা বেলআউট নিশ্চিত করতেই এমন পদক্ষেপ নেওয়া হয়েছে বলে জানিয়েছেন দেশটির সরকারি কর্মকর্তারা।

শ্রীলঙ্কার এই আর্থিক দুর্দশার শুরু গত বছরে। এতে চরম বিপাকে পড়েছেন দেশটির ২ কোটি ২০ লাখ মানুষ। দেশটিতে দেখা দিয়েছে খাবার ও জ্বালানির ঘাটতি। এ ছাড়া প্রতিদিন দীর্ঘ সময় ধরে বিদ্যুৎ থাকছে না।

অর্থনৈতিক সংকটে পড়ে ৪ হাজার ৬০০ কোটি ডলারের বৈদেশিক ঋণ পরিশোধে ব্যর্থ হয়েছে শ্রীলঙ্কা সরকার। নিজেদের দেউলিয়া ঘোষণা করেছে। এখন অর্থনীতি পুনরুদ্ধারে বেলআউট পাওয়া নিয়ে আইএমএফের সঙ্গে আলোচনা চলছে দেশটির সরকারের।

আজ শ্রীলঙ্কার জ্বালানিমন্ত্রী কাঞ্চনা উইজেসেকেরা সাংবাদিকদের বলেন, বেলআউট পেতে আইএমএফের শর্ত অনুযায়ী ভর্তুকি দেওয়া যাবে না। খরচ মেটাতে রাজস্ব আয় বাড়াতে হবে। রাজস্ব আয় বাড়ালে তা দিয়ে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহের জন্য জ্বালানি কেনা যাবে। এখন দেশে প্রতিদিন অন্তত ১৪০ মিনিট করে লোডশেডিং হচ্ছে। রাজস্ব আয় বাড়লে এর অবসান হবে।

এদিকে মূল্যবৃদ্ধির পর শ্রীলঙ্কায় এখন প্রতি ইউনিট বিদ্যুতের জন্য ভোক্তাদের অন্তত ৩০ রুপি করে দিতে হবে। ছয় মাস আগে দেশটিতে বিদ্যুতের দাম ২৬৪ শতাংশ বাড়ানো হয়েছিল। শ্রীলঙ্কায় গত বছর প্রতিদিন গড়ে ১৩ ঘণ্টা পর্যন্ত লোডশেডিংয়ের ঘটনা ঘটেছে।

গত বছরের জুলাইয়ে শ্রীলঙ্কায় সরকারবিরোধী বিক্ষোভ চরমে পৌঁছায়। ওই সময় জনরোষের মুখে দেশটির তৎকালীন প্রেসিডেন্ট গোতাবায়া রাজাপক্ষে পদত্যাগে বাধ্য হন। দেশ ছাড়েন। তাঁর সরকারের বিরুদ্ধে সীমাহীন দুর্নীতি ও অর্থনৈতিক দুরবস্থা সামাল দিতে না পারার অভিযোগ ছিল।

গোতাবায়ার বিদায়ের পর শ্রীলঙ্কার প্রেসিডেন্টের দায়িত্ব নেন রনিল বিক্রমাসিংহে। তিনি দেশটির বর্ষীয়ান রাজনীতিক এবং কয়েকবার শ্রীলঙ্কার প্রধানমন্ত্রীর দায়িত্ব সামলানোর অভিজ্ঞতা রয়েছে তাঁর। তিনি ক্ষমতায় আসার পর অর্থনীতির গতি ফেরাতে দ্রুত অর্থ ছাড়ের জন্য আইএমএফের সঙ্গে আলোচনা শুরু করেন।

রনিল বিক্রমাসিংহে জানান, গত বছর শ্রীলঙ্কার অর্থনীতি ১১ শতাংশ পর্যন্ত সংকুচিত হয়েছে। এর পরিপ্রেক্ষিতে অন্তত ২০২৬ সাল পর্যন্ত শ্রীলঙ্কাকে দেউলিয়া থাকতে হতে পারে।