র‌্যামন ম্যাগসাইসাইয়ের ৬৫তম বর্ষপূর্তিতে ১৮ মাসব্যাপী নানা আয়োজন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চলতি বছর এশিয়ার নোবেলখ্যাত সম্মানজনক র‌্যামন ম্যাগসাইসাই পুরস্কারের ৬৫তম বার্ষিকী উদ্‌যাপন হচ্ছে। ফিলিপাইনের রাজধানী ম্যানিলায় অবস্থিত র‌্যামন ম্যাগসাইসাই অ্যাওয়ার্ড ফাউন্ডেশনের (আরএমএফ) সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ঐতিহাসিক এই উপলক্ষ উদ্‌যাপনে ফাউন্ডেশন ১৮ মাস ধরে নানা অনুষ্ঠান আয়োজন করবে।

ফাউন্ডেশনের চেয়ারম্যান অরেলিও আর মন্টিনোলা তৃতীয় এক বিবৃতিতে বলেন, ‘গ্রেটনেস অব স্পিরিট’কে সম্মানিত করার ৬৫ বছর পর আমরা অত্যন্ত গর্বিত। র‌্যামন ম্যাগসাইসাই পুরস্কার এশিয়ার অন্যতম সম্মানিত ঐতিহ্যবাহী ব্র্যান্ড হিসেবে তার যাত্রা অব্যাহত রেখেছে। আমরা এই মাইলফলকের এ বছরটিকে উদ্‌যাপন ও চ্যালেঞ্জ হিসেবে দেখি।’

মন্টিনোলা বলেন, ‘আমরা আমাদের অতীত ও ভবিষ্যতের ম্যাগসাইসাই বিজয়ীদের অনুপ্রেরণামূলক জীবন ও রূপান্তরমূলক কাজ উদ্‌যাপন করে যাচ্ছি। এশিয়া ও বিশ্বকে প্রভাবিত করে এমন বিভিন্ন বিষয়ের ওপর কীভাবে প্রভাব ফেলতে পারি, তা–ও আমরা খতিয়ে দেখছি।’

বিজ্ঞপ্তিতে বলা হয়, এশিয়ার আশা ও অনুপ্রেরণার কেন্দ্রে পরিণত হওয়ায় নতুন অঙ্গীকার নিয়ে ফাউন্ডেশন নানা কর্মসূচি চালু করেছে, যার লক্ষ্য এই পুরস্কার বিজয়ীদের বার্তা ছড়িয়ে দিতে সহায়তা করা। পুরস্কার বিজয়ীদের নিজ নিজ সীমানার বাইরে তাঁদের সফল সমাধানের প্রতিরূপ তৈরিতে সহায়তা করা।

ফাউন্ডেশনের প্রেসিডেন্ট সুজানা বি আফান বলেন, পুরস্কারের এই নতুন পর্বের জন্য প্রস্তুতি নিচ্ছে ফাউন্ডেশন। তাঁরা এখন তিনটি বিষয়ে গুরুত্ব দিচ্ছেন। এগুলো হলো ম্যাগসাইসাই পুরস্কার বিজয়ীদের জীবন ও কাজের মাধ্যমে বিশ্বব্যাপী মানুষকে অনুপ্রাণিত করা; এশিয়ার পরবর্তী প্রজন্মের নেতাদের সঙ্গে তাঁদের আন্তসংযোগ ঘটানো এবং সম–চিন্তার অংশীদারদের সঙ্গে সৃজনশীল সহযোগিতার মাধ্যমে ভালো কাজকে উৎসাহিত করা। ফাউন্ডেশন বিশ্বাস করে, যখন এ তিনটি ক্ষেত্রে সফল হবে, তখন তারা একটি উন্নত ও সুন্দর এশিয়া তৈরির পথে থাকবে।

উদ্‌যাপনের অংশ হিসেবে পরবর্তী ১৮ মাসে বেশ কয়েকটি অনুষ্ঠান করা হবে বলে জানায় ফাউন্ডেশন। ইতিমধ্যে গত জানুয়ারিতে শুরু হয় নেক্সটজেন লিডারশিপ প্রোগ্রামের দ্বিতীয় পর্ব।

১৭ এপ্রিল ফিলিপাইনের স্টা এলেনা গলফ ক্লাবে ‘ম্যাগসাইসাই গলফ ইনভাইটেশনাল’ অনুষ্ঠিত হবে। এশিয়ার নারীদের ক্ষমতায়নের ওপর বিশেষ গুরুত্ব দিয়ে চলতি বছরই বছরব্যাপী নেতৃত্ববিষয়ক কর্মশালা শুরু হবে।

২০২৩ সালের র‌্যামন ম্যাগসাইসাই পুরস্কার বিজয়ীদের নাম অনলাইনে ঘোষণা করা হবে আগামী ৩১ আগস্ট। বহুল প্রতীক্ষিত এই ৬৫তম পুরস্কার বিতরণী অনুষ্ঠান হবে আগামী ১১ নভেম্বর, ফিলিপাইনের ম্যানিলায়।

৬৫তম বার্ষিকী উদ্‌যাপনের প্রধান বিষয় হলো ৭ ভলিউমের সীমিত সংস্করণের সিরিজ বই। একে বলা হচ্ছে ‘গ্রেটনেস অব স্পিরিট’। এই বইয়ে ১৯৫৮ থেকে ২০২৩ সাল পর্যন্ত র‌্যামন ম্যাগসাইসাই পুরস্কার বিজয়ীদের জীবনকর্ম থাকবে।

ফাউন্ডেশনের প্রেসিডেন্ট সুজানা বি আফান বলেন, তাঁরা এই স্মারক সিরিজ বইয়ের জন্য গর্বিত। কারণ, এই বই র‌্যামন ম্যাগসাইসাই পুরস্কার ও বিজয়ীদের মাধ্যমে এশিয়ার সমৃদ্ধ ইতিহাসের প্রতিনিধিত্ব করে। পুরস্কার বিজয়ীরা স্বপ্নদ্রষ্টা, পথপ্রদর্শক, সুনিপুণ শিল্পী, উদ্ভাবক, মানবতাবাদী ও শান্তি স্থাপনকারী। তাঁরা গত ৬৫ বছর ধরে এই অঞ্চলকে গড়েছেন। তাঁরা একটি স্মরণীয় ও সত্যিকারের অনুপ্রেরণাদায়ক সংগ্রহশালা তৈরিতে জীবিত বিজয়ীদের অনেকের সঙ্গে সহযোগিতা করছেন।

দ্য গ্রেটনেস অব স্পিরিট বইয়ের সিরিজটি ৬৫তম র‌্যামন ম্যাগসাইসাই পুরস্কার বিজয়ীদের জন্য চলতি বছরের অক্টোবরে পাওয়া যাবে।

ফিলিপাইনের সাবেক প্রেসিডেন্ট র‍্যামন ম্যাগসাইসাইয়ের নামে এই পুরস্কার দেওয়া হয়। তিনি বিশ্বব্যাপী সম্মানিত একজন এশীয় নেতা ছিলেন। এশিয়ার মহান ব্যক্তিদের সম্মানিত করার জন্য এই পুরস্কার প্রবর্তন করা হয়।

১৯৫৮ সালে চীন, ভারত, ইন্দোনেশিয়া, শ্রীলঙ্কা ও ফিলিপাইনের পাঁচ ব্যক্তি এবং একটি প্রতিষ্ঠানকে প্রথম এই পুরস্কার দেওয়া হয়।

শুরু থেকে এখন পর্যন্ত এশিয়ার ৩৪৪ নারী-পুরুষ ও সংস্থাকে এই পুরস্কার দেওয়া হয়েছে। পুরস্কারপ্রাপ্তদের মধ্যে আছেন দালাই লামা, মাদার তেরেসা, ফজলে হাসান আবেদ, ড. মুহাম্মদ ইউনুস প্রমুখ। তাঁরা এই পুরস্কার পাওয়ার পর বিশ্বব্যাপী অনুসরণীয় ব্যক্তি হয়ে উঠেছেন।

বাংলাদেশ থেকে মোট ১২ জন এই পুরস্কার পেয়েছেন। তাঁরা হলেন সমাজসেবী তহরুন্নেসা আবদুল্লাহ (১৯৭৮), ব্র্যাকের প্রতিষ্ঠাতা স্যার ফজলে হাসান আবেদ (১৯৮০), গ্রামীণ ব্যাংকের প্রতিষ্ঠাতা ড. মুহাম্মদ ইউনূস (১৯৮৪), গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ডা. জাফরুল্লাহ চৌধুরী (১৯৮৫), ক্যাথলিক ধর্মযাজক রিচার্ড উইলিয়াম টিম (১৯৮৭), দিদার কমপ্রিহেন্সিভ ভিলেজ ডেভেলপমেন্ট কো-অপারেটিভ সোসাইটির প্রতিষ্ঠাতা মোহাম্মদ ইয়াসিন (১৯৮৮), বেসরকারি সংগঠন বাঁচতে শেখার প্রতিষ্ঠাতা অ্যাঞ্জেলা গোমেজ (১৯৯৯), বিশ্বসাহিত্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদ (২০০৪), প্রথম আলোর সম্পাদক মতিউর রহমান (২০০৫), বেসরকারি সংগঠন সিডিডির নির্বাহী পরিচালক এ এইচ এম নোমান (২০১০), বাংলাদেশ পরিবেশ আইনবিদ সমিতির প্রধান নির্বাহী সৈয়দা রিজওয়ানা হাসান (২০১২) ও বিজ্ঞানী ফেরদৌসী কাদরী (২০২১)।