জাপানের দুয়ার খুলল পর্যটকদের জন্য
পর্যটকদের জন্য জাপানের দুয়ার অবশেষে খুলল। করোনা মহামারি ঠেকাতে কঠোর বিধিনিষেধের কারণে আড়াই বছর ধরে জাপানে পর্যটকদের প্রবেশ বন্ধ ছিল। দেশটির সরকারের প্রত্যাশা, জাপানি মুদ্রা ইয়েনের মান কমে যাওয়ার এই সময়ে পর্যটকদের ঢল নামলে দেশের অর্থনীতি আবার তার গতি ফিরে পাবে।
মহামারির শুরুর দিকে সীমান্ত বন্ধ করে দেয় জাপান। এমনকি এই বিধিনিষেধও জারি করে, জাপানের যেসব নাগরিক বিভিন্ন দেশে বাস করছেন, তাঁরাও দেশে ফিরতে পারবেন না। সম্প্রতি অভিবাসী জাপানিদের ওপর এই নিষেধাজ্ঞা তুলে নেয় টোকিও। গতকাল মঙ্গলবার থেকে পর্যটক প্রবেশের অনুমতি দেওয়া হলো।
ভিসা ছাড়া ভ্রমণেরর অনুমতি আছে, আজ মঙ্গলবার থেকে এমন ৬৮টি দেশ ও অঞ্চলের পাসপোর্টধারীরা জাপানে প্রবেশ করতে পারছেন। এর আগে গত জুনে দলবদ্ধভাবে একজন ট্যুর গাইডের মাধ্যমে পর্যটক ঢোকার অনুমতি দেওয়া হয়। তবে কত জন প্রবেশ করতে পারবেন, সেই সংখ্যা নির্ধারণ করে দেওয়া হয়েছিল।
পর্যটকদের জন্য দুয়ার খুললেও অবশ্য নতুন কিছু নিয়ম বেঁধে দেওয়া হয়েছে। এগুলো হচ্ছে জাপানের উদ্দেশে রওনা হওয়ার তিন দিন আগে করোনা পরীক্ষায় নেগেটিভ আসতে হবে। এ ছাড়া প্রত্যেক পর্যটক যে করোনার টিকা নিয়েছেন, তাঁদের সেই প্রমাণপত্র সঙ্গে করে নিয়ে যেতে হবে। অর্থাৎ টিকার সনদ দেখাতে হবে।
করোনা শুরুর আগে ২০১৯ সালে জাপানে ৩ কোটি ১৯ লাখ পর্যটক গিয়েছিলেন। কিন্তু ২০২১ সালে জাপানে মাত্র আড়াই লাখ পর্যটক যান। জাপানের লক্ষ্য ছিল ২০২০ সালের মধ্যে পর্যটকের সংখ্যা চার কোটিতে নেওয়া। ২০২০ সালে জাপানে গ্রীষ্মকালীন অলিম্পিক আয়োজনের জন্য এই লক্ষ্য নির্ধারণ করা হয়েছিল।