ফিলিপাইনে ঘূর্ণিঝড়ের পর উদ্ধারকাজ চালাতে গিয়ে নিহত ৫

শক্তিশালী ঘূর্ণিঝড়ের পর ফিলিপাইনে দেখা দিয়েছে আকস্মিক বন্যাছবি: রয়টার্স
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফিলিপাইনে শক্তিশালী ঘূর্ণিঝড় ‘নরু’র আঘাতে পাঁচজন নিহত হয়েছেন। ঝড়ের পর বন্যাকবলিত এলাকায় উদ্ধারকাজ চালাতে গিয়ে এই প্রাণহানি ঘটে। নিহত ব্যক্তিদের সবাই উদ্ধারকারী দলের সদস্য ছিলেন বলে দেশটির পক্ষ থেকে আজ সোমবার নিশ্চিত করা হয়। দেশটিতে এ বছর ঝড়ে প্রথমবারের মতো এমন হতাহত হওয়ার ঘটনা ঘটল। খবর এএফপির

গতকাল রোববার ও আজ ফিলিপাইনের লুজোন দ্বীপে ভারী বৃষ্টি ও ঝোড়ো বাতাস বয়ে যায়। ঝড়ে ওই দ্বীপে থাকা গাছ উপড়ে পড়ে এবং নিচু এলাকা প্লাবিত হয়। তবে এখন পর্যন্ত সেখানে ব্যাপক ক্ষয়ক্ষতির খবর পাওয়া না গেলেও দেশটির উত্তরাঞ্চলে বিদ্যুতের সংযোগ বিচ্ছিন্ন রয়েছে। পুরো এলাকা ডুবে আছে। রাজধানীসহ দেশের বেশির ভাগ এলাকায় শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ। সরকারি অনেক অফিসও কার্যক্রম শুরু করতে পারেনি।

নিহত পাঁচ উদ্ধারকারী রাজধানী ম্যানিলার কাছে বুলাকান প্রদেশের সান মিগুয়েল পৌরসভায় অবস্থান করছিলেন। স্থানীয় পুলিশপ্রধান লেফটেন্যান্ট কর্নেল রমুয়ালদো আন্দ্রেস বলেন, প্রাদেশিক সরকারের নির্দেশে উদ্ধারকারীরা বন্যাকবলিত এলাকায় যাচ্ছিলেন। ভারী বৃষ্টির কারণে তাঁদের পাশে একটি দেয়াল ধসে পড়ে। তখন তাঁরা সবাই বন্যার পানির স্রোতে ভেসে যান।

ফিলিপাইন প্রতিবছর ঘূর্ণিঝড়ে বিধ্বস্ত হয়। বিজ্ঞানীরা সতর্ক করেছেন, এসব ঝড় আরও শক্তিশালী হয়ে উঠছে। কারণ, জলবায়ু পরিবর্তনের কারণে বৈশ্বিক উষ্ণতা বাড়ছে।

ভারী বৃষ্টিতে ঘনবসতিপূর্ণ রাজধানী ম্যানিলার প্রায় ১০০ কিলোমিটার উত্তর-পূর্বে ব্যাপক ভূমিধস হয়। গতকাল প্রথম এটি ফিলিপাইনে আঘাত হানে। দেশটির পাহাড়ি এলাকা, নারকেলবাগান ও ধানখেতের ওপর দিয়ে বয়ে যাওয়ার সময় ক্রমে এটি দুর্বল হতে থাকে।

ঝড় আঘাত হানার আগে প্রায় ৭৫ হাজার মানুষকে নিরাপদ আশ্রয়ে সরিয়ে নেয় কর্তৃপক্ষ। দেশটির আবহাওয়া অধিদপ্তর আগেই সতর্ক করেছিল যে ভারী বৃষ্টির কারণে ঝুঁকিপূর্ণ এলাকায় ‘ব্যাপক বন্যা’ হতে পারে। একই সঙ্গে ভূমিধস ও ফসলের ক্ষয়ক্ষতি হতে পারে।

ফিলিপাইনের প্রেসিডেন্ট ফার্দিনান্দ মার্কোস জুনিয়র দুর্যোগ মোকাবিলাকারী সংস্থাগুলোর সঙ্গে একটি বৈঠকে বলেন, ‘আমরা এসব মোকাবিলায় প্রস্তুত ছিলাম। অনেকের কাছে এটি বাড়াবাড়ি মনে হতে পারে। কিন্তু প্রাকৃতিক দুর্যোগের ক্ষেত্রে ক্ষয়ক্ষতি হওয়াটাই স্বাভাবিক।’