বাইডেনকে ‘ভবিষ্যৎহীন এক বুড়ো লোক’ বললেন উনের বোন
উত্তর কোরিয়ার নেতা কিম জং–উনের বোন ও রাজনীতিবিদ কিম ইয়ো জং মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনকে নিয়ে আক্রমণাত্মক মন্তব্য করেছেন। উত্তর কোরীয় সরকারের ইতি ঘটছে বলে সম্প্রতি বাইডেন যে মন্তব্য করেছেন, তাকে কাণ্ডজ্ঞানহীন উল্লেখ করে কঠোর প্রতিক্রিয়া জানিয়েছেন তিনি। তাঁর ভাষ্য, বর্তমান মার্কিন প্রেসিডেন্ট ‘ভবিষ্যৎহীন এক বুড়ো লোক’।
কিম ইয়ো জংয়ের বিবৃতির বরাতে উত্তর কোরিয়ার বার্তা সংস্থা কোরিয়ান সেন্ট্রাল নিউজ এজেন্সি এমন তথ্য জানিয়েছে।
সম্প্রতি ওয়াশিংটনে দক্ষিণ কোরিয়ার নেতা ইয়ুন সুক ইয়েওলের সঙ্গে এক যৌথ সংবাদ সম্মেলনে অংশ নেন বাইডেন। সেখানে তিনি বলেন, যুক্তরাষ্ট্র ও এর মিত্র ও সহযোগী দেশগুলোর ওপর উত্তর কোরিয়ার পারমাণবিক হামলা হলে পিয়ং ইয়ংয়ের ক্ষমতাসীন সরকার শেষ হয়ে যাবে।
বাইডেন আরও বলেন, সশস্ত্র বাহিনীর প্রধান হিসেবে পারমাণবিক অস্ত্র ব্যবহারের সম্পূর্ণ এখতিয়ার তাঁর আছে। তবে কোরীয় উপদ্বীপের ওপর পারমাণবিক অস্ত্র ব্যবহারের ইচ্ছা যুক্তরাষ্ট্রের নেই বলেও উল্লেখ করেছেন তিনি।
এ নিয়ে এক বিবৃতিতে প্রতিক্রিয়া জানিয়েছেন কিম ইয়ো জং। বাইডেনকে শত্রুরাষ্ট্রের প্রধান নির্বাহী বলে উল্লেখ করেন তিনি।
কিম ইয়ো জং বলেন, আরেকটি বিষয় হলো বিশ্বের চোখের সামনে শত্রুরাষ্ট্রের প্রধান নির্বাহী ব্যক্তিগত ও আনুষ্ঠানিকভাবে শাসনক্ষমতা (উত্তর কোরীয় সরকার) শেষ হয়ে যাওয়ার মতো কথা বলে যাচ্ছেন, যা এড়ানো যাচ্ছে না।
বাইডেনের এ ধরনের মন্তব্যকে কাণ্ডজ্ঞানহীন উল্লেখ করে ইয়ো জং আরও বলেন, একে ভিমরতিতে থাকা এক মানুষের কাণ্ডজ্ঞানহীন মন্তব্য হিসেবে দেখা যেতে পারে। যুক্তরাষ্ট্রের ভবিষ্যৎ ও নিরাপত্তা নিশ্চিতের মতো দায়িত্ব সামলানোর সক্ষমতা যার একেবারেই নেই। তাঁর বর্তমান মেয়াদের বাকি দুই বছর শেষ করতে পারাটাই তাঁর জন্য যথেষ্ট।