মিয়ানমারে সাবেক ব্রিটিশ রাষ্ট্রদূতের কারাদণ্ড

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মিয়ানমারে নিযুক্ত যুক্তরাজ্যের সাবেক রাষ্ট্রদূত ভিকি বোম্যান
ছবি: ভিডিও থেকে

মিয়ানমারে নিযুক্ত যুক্তরাজ্যের সাবেক রাষ্ট্রদূত ভিকি বোম্যান ও তাঁর স্বামী তেইন লিনকে এক বছর করে কারাদণ্ড দিয়েছে মিয়ানমারের সামরিক কর্তৃপক্ষ।

গত সপ্তাহে ইয়াংগুন থেকে এই দম্পতিকে গ্রেপ্তার করা হয়। তাঁদের বিরুদ্ধে অভিবাসন আইন ভাঙার অভিযোগ আনা হয়েছিল। ধারণা করা হচ্ছে, অভিবাসন আইন ভাঙার এই অভিযোগের চেয়ে রাজনৈতিক উদ্বেগের কারণ হয়ে উঠবে এ বিচার। মিয়ানমারে এমন বিদেশি নাগরিকের বিচারের ঘটনা তুলনামূলক কম।

তেইন লিন মিয়ানমারের নাগরিক। তিনি শিল্পী। সাবেক এই রাজবন্দী অল বার্মা স্টুডেন্টস ডেমোক্রেটিক ফ্রন্টের সদস্য ছিলেন। ১৯৮৮ সালে মিয়ানমারের সামরিক জান্তার বিরুদ্ধে তরুণদের যে আন্দোলন হয়েছিল, সেই আন্দোলনকে কেন্দ্র করে সশস্ত্র এ সংগঠন গড়ে উঠেছিল।

এদিকে ভিকি বোম্যান ১৯৯০ সালে মিয়ানমারে কনিষ্ঠ কূটনৈতিক ছিলেন। এরপর ২০০২ থেকে ২০০৬ সাল পর্যন্ত তিনি দেশটির ব্রিটিশ রাষ্ট্রদূত ছিলেন। বর্তমানে তিনি ইয়াঙ্গুনে থাকেন। মিয়ানমার সেন্টার ফর রেসপন্সিবল বিজনেস নামের একটি প্রতিষ্ঠান পরিচালনা করেন তিনি।

তেইন লিন ও ভিকি বোম্যান বিয়ে করার পর তাঁরা যুক্তরাজ্যের লন্ডনে চলে যান। এরপর ২০১৩ সালে তাঁরা আবারও ইয়াঙ্গুনে ফিরে আসেন।

ইয়াঙ্গুনে এই দম্পতির যেমন বাড়ি রয়েছে, তেমনি শান প্রদেশেও তাঁদের বাড়ি আছে। সেখান থেকে ফেরার পর গত সপ্তাহে তাঁদের গ্রেপ্তার করা হয়। সামরিক কর্তৃপক্ষ বলছে, শান প্রদেশে যে তাঁদের থাকার অনুমতি রয়েছে, তা দেখাতে ব্যর্থ হওয়ায় এই দম্পতিকে গ্রেপ্তার করা হয়েছে।