নিউজিল্যান্ডের মন্ত্রিসভায় এখন সমানসংখ্যক নারী ও পুরুষ সদস্য

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নিউজিল্যান্ডের পার্লামেন্ট ভবন
ফাইল ছবি: রয়টার্স

প্রথমবারের মতো নিউজিল্যান্ড তার মন্ত্রিসভায় সমানসংখ্যক নারী ও পুরুষ সদস্য দেখতে যাচ্ছে। সম্প্রতি নর্থল্যান্ডের পার্লামেন্ট সদস্য মাওরি সম্প্রদায়ের উইলো–জঁ–প্রাইম মন্ত্রী হিসেবে পদোন্নতি পাওয়ায় এমনটা হতে যাচ্ছে। মন্ত্রিসভায় এখন নারী ও পুরুষ সদস্য হচ্ছেন ১০ জন করে।

নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী ক্রিস হিপকিনস বলেন, ‘এমন একটি মন্ত্রিসভা দেখে ভালো লাগছে, যেখানে নিউজিল্যান্ডের জনসংখ্যার প্রতিনিধিত্ব প্রতিফলিত হচ্ছে।’ এটিকে তিনি ‘মাইলফলক’ বলে অভিহিত করেছেন।

২০২০ সালে নিউজিল্যান্ড বিশ্বের সবচেয়ে বৈচিত্র্যময় পার্লামেন্টগুলোর একটির অধিকারী দেশ নির্বাচিত হয়েছে।

অর্থনৈতিক সহযোগিতা ও উন্নয়ন সংস্থা ওইসিডিভুক্ত দেশগুলোর মধ্যে সর্বাধিকসংখ্যক নারী আইনপ্রণেতা নিউজিল্যান্ডের পার্লামেন্টে। দেশটির পার্লামেন্টে মাওরি সম্প্রদায়ের ও এলজিবিটিকিউ এমপিরাও রয়েছেন।

প্রধানমন্ত্রী বলেন, উইলো-জঁর দক্ষতার ওপর ভিত্তি করে তাঁকে মন্ত্রী করা হয়েছে। উইলো-জঁ প্রাকৃতিক পরিবেশ সংরক্ষণ ও যুব মন্ত্রণালয়ের দায়িত্বে থাকছেন।

উইলো-জঁর মন্ত্রিত্বের মধ্য দিয়ে মন্ত্রিসভায় মাওরি সম্প্রদায়ের প্রতিনিধিত্বকারীর সংখ্যা ৬–এ দাঁড়াল।

ক্রিস গত জানুয়ারিতে প্রধানমন্ত্রীর দায়িত্ব গ্রহণের পর গত তিন মাসে সরকারের শীর্ষ পর্যায়ে তিন নারীকে পদোন্নতি দিয়েছেন তিনি। তাঁদের মধ্যে জিনি অ্যান্ডারসেন ও বারবারা এডমন্ডস নামের দুজনকে ফেব্রুয়ারিতে মন্ত্রিসভায় অন্তর্ভুক্ত করা হয়। আর বুধবার অন্তর্ভুক্ত হলেন উইলো-জঁ।

২০২০ সালে সাধারণ নির্বাচনে নিউজিল্যান্ডের ১২০ আসনের মধ্যে ৫৮টিতে নারীরা জয়ী হন।