নিউজিল্যান্ডে বন্যায় চারজনের মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
অকল্যান্ডে গুরুত্বপূর্ণ সড়কগুলোও পানিতে তলিয়ে গেছে
ছবি: রয়টার্স

নিউজিল্যান্ডের নর্থ আইল্যান্ড এলাকায় আজ রোববার আবারও ভারী বৃষ্টিপাত হয়েছে। এতে নতুন করে ভূমিধস হয়েছে, নতুন নতুন জায়গায় বন্যা দেখা দিয়েছে। বন্যার কারণে মৃতের সংখ্যা বেড়ে চারজনে দাঁড়িয়েছে। খবর রয়টার্সের।

গত শুক্রবার থেকে ভারী বৃষ্টিপাত কেন্দ্র করে নিউজিল্যান্ডের নর্থ আইল্যান্ডের অকল্যান্ড শহরে বন্যা দেখা দেয়। পরিস্থিতি মোকাবিলায় সেখানকার ১৬ লাখ মানুষকে জরুরি অবস্থার মধ্যে রাখা হয়েছে। নিউজিল্যান্ডের আবহাওয়া বিভাগ আভাস দিয়েছে, আজ রোববার ও সোমবার আবহাওয়া পরিস্থিতি আরও খারাপ হতে পারে। ব্যাপক বৃষ্টিপাতের কারণে নতুন নতুন জায়গা প্লাবিত হতে পারে।

নিউজিল্যান্ডের দক্ষিণাঞ্চলীয় একটি এলাকায়ও জরুরি অবস্থা ঘোষণা করা হয়েছে। গতকাল শনিবার রাতে ওয়াইতোমো জেলায় এ জরুরি অবস্থা ঘোষণা করা হয়। এলাকাটির অবস্থান অকল্যান্ড থেকে প্রায় ২২০ কিলোমিটার দূরে।

অকল্যান্ড থেকে প্রায় ৭০ কিলোমিটার দক্ষিণের ওয়ানহোয়েরো গ্রামে শুক্রবার এক ব্যক্তি বন্যার পানিতে ভেসে নিখোঁজ হন। ওই ব্যক্তির মৃত্যু হয়েছে বলে নিশ্চিত করেছে পুলিশ। এর আগে বন্যার কারণে তিনজনের মৃত্যুর খবর নিশ্চিত করা হয়েছিল।

নিউজিল্যান্ডের উপপ্রধানমন্ত্রী কারমেল সেপুলোনি অকল্যান্ডের সাংবাদিকদের বলেন, সবচেয়ে মর্মান্তিক বিষয় হলো, মানুষের প্রাণহানি হয়েছে। রোববার পুলিশ বলেছে, ওই অঞ্চলে ভারী বৃষ্টিপাতের পর বিভিন্ন সড়ক পানিতে তলিয়ে গেছে। এমন অবস্থায় তারা যানবাহন ব্যবস্থাপনার কাজে সহযোগিতা করছে। পুলিশ বলেছে, পার্শ্ববর্তী বে অব প্লেন্টি এলাকায়ও ব্যাপক বন্যা দেখা দিয়েছে। ভূমিধসের কারণে একটি বাড়ি ভেঙে পড়েছে এবং আশপাশের স্থাপনাগুলো ভেঙে পড়ার ঝুঁকিতে আছে।

রোববার কর্তৃপক্ষ বলেছে, হাজারো স্থাপনা বিদ্যুৎবিচ্ছিন্ন অবস্থায় আছে। শত শত স্থাপনায় পানি নেই। এয়ার নিউজিল্যান্ড কর্তৃপক্ষ বলেছে, রোববার দুপুর থেকে অকল্যান্ডে আন্তর্জাতিক ফ্লাইট চলাচল শুরু করবে তারা।

শনিবার নিউজিল্যান্ডের নতুন প্রধানমন্ত্রী ক্রিস হিপকিন্স হেলিকপ্টারে করে অকল্যান্ডের বন্যা পরিস্থিতি পর্যবেক্ষণ করেছেন।