উড্ডয়নের আগেই ফেটে গেল হংকংয়ের উড়োজাহাজের টায়ার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
হংকং আন্তর্জাতিক বিমানবন্দরে ক্যাথে প্যাসিফিকের লোগো
ছবি: রয়টার্স ফাইল ছবি

হংকং আন্তর্জাতিক বিমানবন্দর থেকে লস অ্যাঞ্জেলেসগামী একটি উড়োজাহাজের টায়ার ফেটে ১১ যাত্রী আহত হয়েছেন। গতকাল শনিবার ভোরে ক্যাথে প্যাসিফিকের সিএক্স ৮৮০ ফ্লাইটে এ ঘটনা ঘটেছে।

এক বিবৃতিতে ক্যাথে প্যাসিফিক কর্তৃপক্ষ বলেছে, কারিগরি সমস্যার কারণে উড়োজাহাজটির উড্ডয়ন বাতিল করার পরই টায়ারটি ফেটে যায়। হংকং থেকে লস অ্যাঞ্জেলেসগামী ফ্লাইটটিতে ১৭ জন ক্রু ও ২৯৩ জন যাত্রী ছিলেন। কারিগরি ত্রুটি শনাক্ত হওয়ায় উড্ডয়ন বাতিল করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছিল এবং যাত্রীদের নিরাপদে সরিয়ে নেওয়া হচ্ছিল। তখনই টায়ারটি ফেটে যায়।

ক্যাথে প্যাসিফিক কর্তৃপক্ষ বলেছে, ‘১১ যাত্রীর মধ্যে ৯ জনকে হাসপাতালে চিকিৎসা দেওয়ার পর ছেড়ে দেওয়া হয়েছে। হাসপাতালে ভর্তি থাকা অপর দুই যাত্রী এবং তাঁদের পরিবারকে আমাদের সহকর্মীরা সহযোগিতা দিয়ে যাবেন।’

ক্যাথে প্যাসিফিক আরও বলেছে, পূর্বসতর্কতা হিসেবে উড়োজাহাজের যাত্রীদের পাঁচটি এসকেপ স্লাইডে (যাত্রীদের দ্রুত উড়োজাহাজ থেকে নামানোর স্লাইড) করে সরিয়ে নেওয়ার সময় কয়েকজন আহত হয়েছেন।

যাত্রীদের অসুবিধার জন্য আন্তরিকভাবে ক্ষমা চেয়েছে ক্যাথে কর্তৃপক্ষ।

পুলিশের বরাতে সরকারি সম্প্রচারমাধ্যম আরটিএইচকের প্রতিবেদনে বলা হয়েছে, উড়োজাহাজের একটি টায়ার অতিরিক্ত গরম হয়ে ফেটে গেছে।