অস্ট্রেলীয় সাংবাদিক জন পিলজার মারা গেছেন
অস্ট্রেলীয় সাংবাদিক ও তথ্যচিত্র নির্মাতা জন পিলজার (৮৪) মারা গেছেন। তাঁর পরিবারের পক্ষ থেকে গতকাল রোববার এক্সে (সাবেক টুইটার) প্রকাশিত এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়েছে।
বিবৃতিতে বলা হয়, গত শনিবার (৩০ ডিসেম্বর) যুক্তরাজ্যের লন্ডনে মারা গেছেন জন। বিবৃতিতে তাঁকে ‘দুর্দান্ত একজন বাবা, নানা ও সঙ্গী’ হিসেবে উল্লেখ করা হয়েছে।
দীর্ঘদিন ধরে জন পশ্চিমা পররাষ্ট্রনীতির কট্টর সমালোচক হিসেবে পরিচিত ছিলেন। অস্ট্রেলিয়ায় আদিবাসীদের সঙ্গে করা আচরণ নিয়েও সব সময় সরব ছিলেন জন।
জনের জন্ম ১৯৩৯ সালে অস্ট্রেলিয়ার নিউ সাউথ ওয়েলসে।
গত শতকের ষাটের দশক থেকে তিনি যুক্তরাজ্যে জীবন কাটান। কাজ করেছেন রয়টার্স, ডেইলি মিররসহ বিশ্বখ্যাত বিভিন্ন সংবাদমাধ্যমে।
গত শতকের ষাট ও সত্তরের দশকে সাংবাদিক হিসেবে খ্যাতি পান জন। ওই সময় ভিয়েতনাম যুদ্ধ, কম্বোডিয়ার খেমার শাসনামল ও যুক্তরাষ্ট্রের রাজনৈতিক-প্রশাসনিক অস্থিরতা নিয়ে একাধিক আলোচিত প্রতিবেদন করেছিলেন তিনি।
১৯৬৮ সালের প্রেসিডেন্ট নির্বাচনে ডেমোক্র্যাট দলের প্রার্থিতার লড়াই চলাকালে যখন রবার্ট কেনেডিকে হত্যা করা হয়েছিল, তখন একই কক্ষে অবস্থান করছিলেন জন। এ ঘটনা জনের ওয়েবসাইটে উল্লেখ রয়েছে।
সাম্প্রতিক সময়ে জন পিলজার উইকিলিকস প্রতিষ্ঠাতা জুলিয়ান অ্যাসাঞ্জকে সমর্থন করে আলোচনায় এসেছিলেন।
খেমাররুজ শাসনামলে কম্বোডিয়ার পরিস্থিতি নিয়ে জন ‘ইয়ার জিরো: দ্য সাইলেন্ট ডেথ অব কম্বোডিয়া’ নামের একটি তথ্যচিত্র বানিয়েছেন। ১৯৭৯ সালে এটি মুক্তি পায়। এ ছাড়া অস্ট্রেলিয়ার আদিবাসীদের নিয়ে একাধিক তথ্যচিত্র বানিয়েছেন তিনি।