রাজতন্ত্রের সমালোচনা করে পোস্ট, ২৮ বছরের কারাদণ্ড তরুণের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
থাইল্যান্ডের রাজা মহা ভাজিরালংকর্ন ও রানী সুথিদা
ফাইল ছবি: এএফপি

থাইল্যান্ডের বাসিন্দা মংকল তিরাকোতের বয়স ২৯ বছর। অনলাইনে কাপড়ের ব্যবসা রয়েছে তাঁর। পাশাপাশি তিনি অনলাইনে বিভিন্ন বিষয় নিয়ে লেখালেখি করেন। আর এটাই কাল হয়েছে তিরাকোতের। রাজতন্ত্রের সমালোচনা করে অনলাইনে পোস্ট করেছিলেন তিনি। এ জন্য পেয়েছেন শাস্তি। দেশটির একটি আদালত তাঁকে ২৮ বছরের কারাদণ্ড দিয়েছেন।

থাইল্যান্ডে রাজতন্ত্রের সমালোচনা করা অপরাধ হিসেবে বিবেচনা করা হয়। দেশটিতে রাজতন্ত্র ও রাজপরিবারের সমালোচনা ও বিরোধিতা প্রমাণিত হলে ১৫ বছরের বেশি কারাদণ্ডের বিধান রয়েছে।

আরও পড়ুন

রাজতন্ত্রের বিরোধিতা করার অপরাধে তিরাকোতের বিরুদ্ধে দুটি পৃথক অভিযোগ আনা হয়েছিল। তাঁর আইনজীবী গতকাল বৃহস্পতিবার জানান, থাইল্যান্ডের উত্তরাঞ্চলীয় শহর চিয়াং রাইয়ের আদালতে দোষী সাব্যস্ত হয়েছেন তিরাকোতে। আদালত তাঁকে ২৮ বছরের কারাদণ্ড দিয়েছেন।

তিরাকোতের আইনজীবী আরও জানান, যেসব অপরাধে তাঁর মক্কেল দোষী সাব্যস্ত হয়েছেন, তাতে তাঁর ৪২ বছরের কারাদণ্ড হওয়া কথা। তবে আদালত সাক্ষ্যগ্রহণের পর ২৮ বছরের কারাদণ্ডের নির্দেশ দিয়েছেন। এই রায়ের বিরুদ্ধে আপিল করবেন তিরাকোতে। তবে আদালত তাঁকে তিন লাখ বাথের (থাই মুদ্রা) বিনিময়ে জামিন দিয়েছেন।

আরও পড়ুন

মানবাধিকার সংগঠন হিউম্যান রাইটস ওয়াচের জ্যেষ্ঠ গবেষক সুনাই ফাসুক বলেন, তিরাকোতের বিরুদ্ধে আদালত যে রায় দিয়েছেন, সেটা থাইল্যান্ডের ইতিহাসে রাজতন্ত্রের বিরোধিতা করার দায়ে দ্বিতীয় সর্বোচ্চ মেয়াদে কারাদণ্ড দেওয়ার ঘটনা। এর আগে ২০২১ সালে রাজতন্ত্রকে অপমান করার অপরাধে এক নারীকে ৪৩ বছরের কারাদণ্ড দেন দেশটির একটি আদালত।

আরও পড়ুন