জাপানে জেলেনস্কির সঙ্গে বৈঠক করবেন বাইডেন
জাপানে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সঙ্গে বৈঠক করবেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন।
জাপানের হিরোশিমা শহরে শিল্পোন্নত দেশগুলোর জোট জি-৭-এর শীর্ষ সম্মেলনের ফাঁকে এই দুই নেতার বৈঠকটি হবে। আজ শনিবার হোয়াইট হাউসের পক্ষ থেকে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।
গতকাল শুক্রবার জি-৭ জোটের শীর্ষ সম্মেলন শুরু হয়। এ সম্মেলনে যোগ দিতে যাচ্ছেন জেলেনস্কি।
যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জ্যাক সুলিভান আজ বলেন, জাপানে মুখোমুখি বৈঠকে বসছেন বাইডেন ও জেলেনস্কি।
তবে বাইডেন-জেলেনস্কির মধ্যকার বৈঠকটি কবে কখন হবে, সে বিষয়ে বিস্তারিত কিছু বলেননি জ্যাক সুলিভান।
যুক্তরাষ্ট্রের এক কর্মকর্তা গতকাল শুক্রবার বলেছেন, মার্কিন প্রেসিডেন্ট বাইডেন জাপানে বসেই ইউক্রেনের জন্য ৩৭ কোটি ৫০ লাখ ডলারের সামরিক সহায়তা প্যাকেজ ঘোষণা দেবেন। বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
নাম প্রকাশ না করার শর্তে ওই মার্কিন কর্মকর্তা বলেন, বাইডেন যে সামরিক প্যাকেজটি ঘোষণা করতে যাচ্ছেন, তার আওতায় কামান, গোলাবারুদ ও হিমার্স রকেট লাঞ্চার থাকবে।
এদিকে বিবিসির প্রতিবেদনে বলা হয়, ইউক্রেনকে এফ-১৬ যুদ্ধবিমানসহ আধুনিক সব যুদ্ধবিমান দিতে সহায়তা করবে যুক্তরাষ্ট্র। এসব যুদ্ধবিমান চালানোর জন্য ইউক্রেনের বৈমানিকদের প্রশিক্ষণেরও ব্যবস্থা করবে দেশটি।