সিডনির বন্ডাই সৈকতে হামলায় অভিযুক্ত নাভিদ প্রথমবারের মতো আদালতে
অস্ট্রেলিয়ার সিডনির বন্ডাই সমুদ্রসৈকতে গত বছরের ডিসেম্বরে ঘটে যাওয়া স্মরণকালের ভয়াবহ সন্ত্রাসী হামলার ঘটনায় অভিযুক্ত নাভিদ আকরাম (২৪) প্রথমবারের মতো আদালতের মুখোমুখি হয়েছেন। আজ সোমবার তাঁকে কারাগার থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে সিডনির একটি আদালতে যুক্ত করা হয়েছে।
নাভিদের বিরুদ্ধে অভিযোগ, গত বছরের ১৪ ডিসেম্বর তিনি ও তাঁর বাবা সাজিদ আকরাম (৫০) বন্ডাই সমুদ্রসৈকতে ইহুদিদের একটি উৎসবে বন্দুক হামলা চালান। হামলায় ১৫ জন নিহত ও ৪০ জনের বেশি মানুষ আহত হন। এ সময় পুলিশের গুলিতে হামলকারী সাজিদ আকরামও প্রাণ হারান।
নাভিদ নিজেও পুলিশের গুলিতে গুরুতর আহত হয়েছিলেন। তবে হাসপাতাল থেকে চিকিৎসা শেষে তাঁকে কারাগারে পাঠানো হয়েছে।
গতকাল আদালত চলাকালে নাভিদ আকরামকে সিডনির গোলবার্ন সুপারম্যাক্স কারাগার থেকে ভিডিও লিংকে যুক্ত করা হয়। শুনানিতে ডেপুটি চিফ ম্যাজিস্ট্রেট শ্যারন ফ্রুয়েন্ডের করা একটি প্রশ্নের উত্তরে তিনি শুধু ‘হ্যাঁ’ শব্দটি উচ্চারণ করেন।
আদালত সূত্রে জানা গেছে, নাভিদের বিরুদ্ধে মোট ৫৯টি অভিযোগ আনা হয়েছে। এর মধ্যে ১৫টি সরাসরি হত্যার এবং একটি সন্ত্রাসী হামলার অভিযোগ।
আদালতের নথিতে বলা হয়েছে, ওই হামলা ছিল সুপরিকল্পিত। হামলার দুই দিন আগে নাভিদ ও তাঁর বাবা সাজিদ আকরাম এলাকাটি পর্যবেক্ষণ করেছিলেন। পুলিশ তাঁদের মুঠোফোন থেকে অক্টোবর মাসে ধারণ করা একটি ভিডিও উদ্ধার করেছে। সেখানে তাঁদের ইসলামিক স্টেট (আইএস) সন্ত্রাসী গোষ্ঠীর পতাকার সামনে বসে থাকতে দেখা যায়।
ভিডিওতে বাবা–ছেলে জায়নবাদীদের কর্মকাণ্ডের নিন্দা জানিয়ে হামলার পেছনের উদ্দেশ্য ব্যাখ্যা করেন। এ ছাড়া নিউ সাউথ ওয়েলসের একটি গ্রামীণ এলাকায় তাঁদের অস্ত্র প্রশিক্ষণের ফুটেজও উদ্ধার করেছে পুলিশ।
শুনানি শেষে নাভিদ আকরামের আইনজীবী বেন আর্চবোল্ড সাংবাদিকদের বলেন, নাভিদ দোষ স্বীকার করবেন কি না, তা বলার সময় এখনো আসেনি। বর্তমানে তিনি গোলবার্ন সুপারম্যাক্স কারাগারে অত্যন্ত কঠোর নজরদারিতে রয়েছেন।
আদালত পরবর্তী শুনানির জন্য আগামী এপ্রিল দিন ধার্য করেছেন। নিরাপত্তার স্বার্থে হামলায় বেঁচে যাওয়া ব্যক্তিদের পরিচয় প্রকাশে আদালতের নিষেধাজ্ঞা বহাল রয়েছে।